insta logo
Loading ...
×

মিল রান্নার দাবিতে উত্তাল বলরামপুরের প্রাথমিক বিদ্যালয়

মিল রান্নার দাবিতে উত্তাল বলরামপুরের প্রাথমিক বিদ্যালয়

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

মিডডে মিল রান্নার কাজকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরুলিয়া জেলার বলরামপুর ব্লকের কালিতলা নিউ প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয় খোলার সঙ্গে সঙ্গেই রান্নার কাজের দাবিতে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর শতাধিক মহিলা স্কুল চত্বরে বিক্ষোভে সামিল হন। মুহূর্তের মধ্যেই উত্তাল হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।
বিক্ষোভকারীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ঘেরাও করে দীর্ঘক্ষণ প্রতিবাদ জানাতে থাকেন।

আন্দোলনকারী মহিলাদের অভিযোগ, গত প্রায় এক দশক ধরে এলাকার একটি নির্দিষ্ট স্বনির্ভর গোষ্ঠীই মিডডে মিল রান্নার দায়িত্ব পেয়ে আসছে। অথচ একই এলাকায় একাধিক স্বনির্ভর গোষ্ঠী থাকা সত্ত্বেও অন্যদের কাজের সুযোগ দেওয়া হচ্ছে না, যা সম্পূর্ণভাবে পক্ষপাতমূলক।
শুধু কাজ না পাওয়ার ক্ষোভই নয়, বিদ্যালয়ে মিডডে মিল পরিচালনার মান নিয়েও একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা ও স্থানীয় গ্রামবাসীরা। তাঁদের দাবি, শিশুদের দেওয়া খাবারের মান অত্যন্ত নিম্ন। সরকারি নির্দেশিকা অনুযায়ী মাছ, ডিম বা মাংস দেওয়ার কথা থাকলেও বাস্তবে তা প্রায়শই শিশুদের থালায় পৌঁছয় না। ফলে পুষ্টিকর আহারের উদ্দেশ্যই ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ।
বিক্ষোভকারীরা জানান, ২০২৩ সালের ডিসেম্বর মাস থেকে একাধিকবার বলরামপুরের বিডিও-র কাছে লিখিতভাবে আবেদন জানানো হয়েছে যাতে নতুন স্বনির্ভর গোষ্ঠীগুলিকেও রান্নার কাজের সুযোগ দেওয়া হয়। তবে প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলেই তাদের অভিযোগ।
বলরামপুর থানার পুলিশ, ব্লক প্রশাসনের প্রতিনিধি ও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যাদের উপস্থিতিতে দীর্ঘক্ষণ আলোচনার পর প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার ও যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে দুপুরের দিকে বিক্ষোভ প্রত্যাহার করেন মহিলারা। এরপর প্রধান শিক্ষক ঘেরাওমুক্ত হন।

যদিও আন্দোলনকারীরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, দ্রুত তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। মিডডে মিলের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে স্বচ্ছতার দাবিতে প্রশাসনের ভূমিকা নিয়ে এখন তাকিয়ে গোটা এলাকাবাসী।

প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, কোন স্কুলে কোন স্বনির্ভর গোষ্ঠী রান্না করবে, তা ঠিক করে ব্লক প্রশাসন। এখানে স্কুল শুধু ব্লকের নির্দেশ পালন করে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, পশ্চিমবঙ্গে মিড-ডে মিলের জন্য ছাত্র পিছু বরাদ্দ বর্তমানে (২০২৫ সালের মে মাস থেকে) প্রাথমিক ও প্রাক প্রাথমিকে (বাল বাটিকায়) মাথাপিছু ৬ টাকা ৭৮ পয়সা। এই টাকায় কীভাবে মাছ মাংস ডিম খাওয়ানো যায়, বিক্ষোভকারীরা বুঝে দেখেন না।

Post Comment