নিজস্ব প্রতিনিধি , অযোধ্যা :
জেলার নানা প্রান্ত থেকে বেছে আনা রেসিপিতে শীতের আড্ডা জমেছে অযোধ্যা পাহাড়ে। পোড়া হাঁড়ির দেশি মুরগি কষা থেকে ঝিলপাড়ের গুগলির ঝাল—কী নেই সেখানে! সিঙ্গেল ডিজিটের হাড়কাঁপানি ঠান্ডায় অযোধ্যা পাহাড়ের হোটেল ও রিসর্টগুলিতে এখন যেন পর্যটনের দুর্গাপূজা। বড়দিন ও নতুন বছরের মরসুমে পর্যটক টানতে বারবিকিউ ও বনফায়ার একেবারে ফ্রি। তার সঙ্গে বড়দিনের মেন কোর্সে নতুন চমক—‘গ্রাম বাংলা ট্রাইবাল থালি’।
২৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে এই বিশেষ থালি মিলবে ৪ জানুয়ারি পর্যন্ত। কোথায়? অযোধ্যা হিলটপের কচুরিরাখায় রাজ্য পর্যটনের লিজপ্রাপ্ত চার তারা রিসর্ট কুশল পল্লীতে ক্রিসমাস ও নিউ ইয়ার ফেস্টিভ্যাল উপলক্ষে এই জোড়া আয়োজন। এখানে প্রতিটি কটেজ ও রুমের জন্যই তৈরি করা হয়েছে বারবিকিউ ও বনফায়ারের পরিকাঠামো। শাল কাঠের আগুনে বনফায়ারের উষ্ণতা, তার সঙ্গে পিকনিক মুডে নিজের হাতে বারবিকিউ—সব মিলিয়ে পর্যটকদের জন্য আলাদা আকর্ষণ।
রিসর্টের জেনারেল ম্যানেজার সুদীপ্ত কুমার বলেন, “অযোধ্যা পাহাড়ে এখন ভীষণ ঠান্ডা। বড়দিন ও নতুন বছরকে মাথায় রেখেই আমরা বারবিকিউ ও বনফায়ার ফ্রি দিচ্ছি। ২৪ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই ব্যবস্থা, চলবে ৪ জানুয়ারি পর্যন্ত।”
থালির শুরুতেই মাটির গ্লাসে পরিবেশন করা হচ্ছে হাজারদুয়ারি শরবত। খাবার দেওয়া হচ্ছে কাঁসার থালা, বাটি ও গ্লাসে। মেন কোর্সে রয়েছে গ্রিন স্যালাড, গন্ধরাজ লেবু ও লঙ্কা, নারকেল দেওয়া পোস্ত বড়া, বেগুন ভাজা, শাক ভাজা, ধনেপাতা বাটা, মিষ্টি কুমড়ো ভর্তা, মরিচ-পোস্তে বন আলু ভাজা, পাহাড়ের গন্ধ মাখা মসুর ডাল, বনের খোসা পোস্ত চচ্চড়ি, পাহাড়ি আলু চাপলি তরকারি, পটল চিংড়ি, রুই মাছের টকঝাল ও বনকসা দেওয়া পালকপাতা মুরগি। সঙ্গে কালো চালের ভাত। শেষে টমেটো চাটনি, পাঁপড়, নলেন গুড়ের রাজভোগ, জলভরা ও অগ্নিপোড়া ভাপা দই। এই ট্রাইবাল থালির দাম ৫৪৯ টাকা। আরও স্পেশাল নন-ভেজ থালি মিলছে ৬৯৯ টাকায়।
আলাদা করে চাইলে রয়েছে শালপাতা পোড়া চিকেন, বাঁশভরা গহনা মাংস বিরিয়ানি, পোড়া হাঁড়ির দেশি মুরগি ও ঝিলপাড়ের গুগলির ঝাল। সাধারণভাবে জনজাতির মানুষজন যেভাবে খাওয়া-দাওয়া করেন, সেই স্বাদ ও ঘ্রাণই তুলে ধরা হয়েছে এই গ্রাম বাংলার ট্রাইবাল থালিতে।
রিসর্ট কর্তৃপক্ষ জানাচ্ছেন, “কয়েক বছর ধরেই বড়দিনে এই থালি চালু রয়েছে। তবে এ বার খাবারে আরও বেশি ‘মাটির গন্ধ’ আনার চেষ্টা করা হয়েছে।” সেই কারণেই অযোধ্যা পাহাড়ে থাকা পর্যটকদের পাশাপাশি শুধু এই থালির স্বাদ নিতে আগাম বুকিংও শুরু হয়ে গিয়েছে।











Post Comment