insta logo
Loading ...
×

সাঁওতালি ভাষায় বক্তব্য রেখে বোরোতে চমকে দিয়েছেন জেলাশাসক

সাঁওতালি ভাষায় বক্তব্য রেখে বোরোতে চমকে দিয়েছেন জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:

মানুষের ভাষাতেই মানুষের কাছে পৌঁছনোর বার্তা দিল প্রশাসন। সাঁওতালি ভাষায় বক্তব্য রেখে বোরোতে চমক দিলেন পুরুলিয়ার জেলাশাসক সুধীর কোন্থাম। জঙ্গলমহলের আদিবাসী মানুষজনের আরও
কাছাকাছি আসতেই এই প্রয়াস ছিল জেলাশাসকের।
গত সোমবার বোরো থানার অন্তর্গত মানবাজার-২ ব্লকের শুশুনিয়া ফুটবল মাঠে রাজ্যের আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় ২৩তম সাঁওতালি ভাষা দিবস। সেই মঞ্চ থেকেই সাঁওতালি ভাষায় বক্তব্য শুরু করেন পুরুলিয়ার জেলাশাসক সুধীর কোন্থাম
‘তিহিঞ আবোয়া আডি রাসকা রেনা দিন’— এই一 দিয়েই তিনি বুঝিয়ে দেন, প্রশাসন শুধু শোনাতে নয়, শুনতেও শিখছে।

সাঁওতালি ভাষাতেই তিনি স্মরণ করেন সাধু রামচাঁদ মুর্মু, পণ্ডিত রঘুনাথ মুর্মু, সারদা প্রসাদ কিস্কু, বাবা তিলকা মাঝি, সিধো-কানহো- ও বিরসা মুন্ডার মতো আদিবাসী আন্দোলনের পথিকৃৎদের। পরে জেলাশাসক নিজেই জানান, এই প্রথম তিনি প্রকাশ্যে সাঁওতালি ভাষায় বক্তব্য রাখলেন।
জেলাশাসকের এই উদ্যোগকে প্রশংসা করেন জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারি। তিনি বলেন,
“জেলাশাসকের মাতৃভাষা তেলুগু। তবু সাঁওতালি শিখে বক্তব্য রাখা নিঃসন্দেহে অনুপ্রেরণার। আমিও শেখার চেষ্টা করব।” জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য,
“ভাষার মাধ্যমে মানুষের হৃদয়ে পৌঁছনোর যে উদাহরণ তিনি তৈরি করলেন, তা প্রশাসনের জন্য দৃষ্টান্ত।”
আদিবাসী সমাজের মানুষজন এই ঘটনাকে সম্মানের চোখে দেখছেন।
জঙ্গলমহলের আদিবাসী নেতা তথা প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি গুরুপদ টুডু বলেন, “আমাদের ভাষায় কথা বলার জন্য জেলাশাসককে কুর্নিশ।”
তবে প্রশংসার পাশাপাশি বাস্তব সমস্যার কথাও উঠে এসেছে। ভারত জাকাত মাঝি পারগানা মহলের পুরুলিয়া জেলা পারগানা রতনলাল হাঁসদা বলেন,
“ভাষণ প্রশংসনীয়। কিন্তু সাঁওতালি মাধ্যমের বহু স্কুলে শিক্ষক নেই, পরিকাঠামো বেহাল। ভাষার মর্যাদা রক্ষায় প্রশাসনিক উদ্যোগও চাই।”

এদিন হুড়া ব্লকের কেন্দবনা মাঠে সাঁওতালি ভাষা বিজয় দিবস, অলচিকি লিপির শতবর্ষ ও সাঁওতাল পরগনা প্রতিষ্ঠা দিবস পালন করে ভারত জাকাত মাঝি পারগানা মহল এবং অল বেঙ্গল সাঁওতালি শিক্ষক সংগঠনের পুরুলিয়া শাখা।

Previous post

বড়দিনে রঙিন জঙ্গলমহল, পুরুলিয়ায় যীশুপূজার বাজার টেক্কা দিচ্ছে দিওয়ালিকে

Next post

পুরুলিয়া পুরসভার মতোই অবস্থা ঝালদার, পুরপ্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগরে প্রশাসক বসানোর দাবি শাসক কাউন্সিলরদের

Post Comment