insta logo
Loading ...
×

বড়দিন থেকে জাঁকিয়ে পড়ছে শীত, হাওয়া অফিস জানাচ্ছে কী?

বড়দিন থেকে জাঁকিয়ে পড়ছে শীত, হাওয়া অফিস জানাচ্ছে কী?

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

রাজ্যজুড়ে জাঁকিয়ে বসেছে উত্তুরে হাওয়া। তার সঙ্গে তলানিতে ঠেকছে পারদ। বাড়ছে শীতের কাঁপুনি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৪ ডিসেম্বরের পর থেকেই তাপমাত্রা ধীরে ধীরে আরও নামতে পারে। বড়দিনে শীতের আমেজ জমাট বাঁধবে বলেই ইঙ্গিত। ২৫ ডিসেম্বর নাগাদ রাজ্যের বেশ কিছু জেলায় রাতের তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বড়দিনের পর শীতের দাপট আরও বাড়তে পারে বলেও জানাচ্ছে হাওয়া অফিস।

এই পরিস্থিতিতেই পুরুলিয়ায় তাপমাত্রা নিয়ে ধন্দ কাটছে না। সোমবার কৃষি দপ্তরের রিপোর্ট অনুযায়ী, জেলায় বৃষ্টিপাত হয়নি। ওই দিন পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। রাতের দিকে পারদ নেমে গিয়েছিল ৯.৫ ডিগ্রিতে।

অন্যদিকে আলিপুর আবহাওয়া দফতরের হিসেবে, একই দিনে পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ রাতের তাপমাত্রা নিয়ে দুই দপ্তরের রিপোর্টে প্রায় ৪ ডিগ্রির ফারাক সামনে এসেছে।

জেলা প্রশাসনের সূত্রে জানা গিয়েছে, আলিপুর আবহাওয়া অফিসের যে তাপমাত্রার তথ্য প্রশাসনের কাছে আসে, তা মাপা হয় পুরুলিয়া সার্কিট হাউস এলাকায় বসানো তাপমাত্রা পরিমাপক যন্ত্রের মাধ্যমে। সার্কিট হাউসের পিছনের তুলনামূলক শহুরে এলাকায় বসানো ওই যন্ত্রের তথ্যই সরকারি রিপোর্টে ধরা হয়। অন্যদিকে কৃষি দপ্তরের তাপমাত্রা মাপা হয় হাতোয়াড়ার আরও খোলা এলাকায় বসানো যন্ত্র থেকে।

আবহাওয়াবিদদের মতে, শহুরে কংক্রিটের প্রভাব, খোলা মাঠের পরিবেশ এবং হাওয়ার চলাচলের তফাতের কারণেই একই জেলায়, মাত্র কয়েক কিলোমিটার ব্যবধানে পারদের এমন তারতম্য স্বাভাবিক। তবে কাগজের হিসেব যাই বলুক, ভোর ও রাতের ঠান্ডায় পুরুলিয়াবাসীর অভিজ্ঞতায় শীতের ‘রিয়েল ফিল’ যে কৃষি দপ্তরের রিপোর্টের কাছাকাছিই, তা মানছেন অনেকেই।

Post Comment