নিজস্ব প্রতিনিধি, আড়শা:
বাঘমুন্ডি, জয়পুরের পর আড়শাতেও একাধিক দাবি-দাওয়া তুলে কর্মীসভা ও মিছিল করল সারা ভারত ফরওয়ার্ড ব্লক। রবিবার আড়শা হাইস্কুলে কর্মীদের নিয়ে সভা করার পর আড়শা বাজারে একটি মিছিল হয় ।
সভায় বক্তব্য রাখতে গিয়ে।দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলেন, ‘দুয়ারে সরকার’ প্রকল্পের নামে লুঠ চলছে। তিনি স্কুলের শূন্যপদে নিয়োগ, গ্রাম ও শহরে কাজের ব্যবস্থা, প্রতিটি অঞ্চলে সরকারি ক্যাম্প করে চাষিদের কাছ থেকে ধান কেনা এবং ধানের সহায়ক মূল্য কুইন্টাল প্রতি ৩ হাজার টাকা করার দাবি তোলেন। পাশাপাশি বালির কালোবাজারি বন্ধে সরকারি দাম নির্ধারণ, বিদ্যুতের দাম কমানো এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানান। তিনি আরও বলেন, তৃণমূলের আমলে কর্মসংস্থান হয়নি।হয়েছে শুধু জাতি ও ধর্মের রাজনীতি। এদিন মিছিল থেকে ১০০ দিনের কাজ বন্ধ থাকার প্রতিবাদ জানানো হয়। ভিন রাজ্যে কাজের খোঁজে জেলার মানুষকে যেতে বাধ্য হওয়ার জন্য তৃণমূল ও বিজেপিকে জবাবদিহির দাবি তোলা হয়। পাশাপাশি আদিবাসীদের জমি হস্তান্তর বন্ধ, বন্ধ থাকা জনজাতিদের ছাত্রাবাস খুলে দেওয়ার দাবিও ওঠে।
রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য অসীম সিনহা বলেন “ঝালদায় মহকুমা হাসপাতালের অনুমোদন ও সরকারি হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক ও নার্স নিয়োগ করতে হবে।” ওই সভায় উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অসীম সিনহা, পুরুলিয়া জেলা সম্পাদক মিহির মাঝি, প্রাক্তন বিধায়ক ধীরেন্দ্রনাথ মাহাত ,আড়শা ব্লক যুবলীগের সম্পাদক রমেশ চন্দ্র মাঝি সহ দলের অন্যান্য নেতৃত্ব।











Post Comment