নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
থ্যালাসেমিয়ার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে রবিবার কনকনে শীতের সকালেও উদ্যমে পথে নামলেন শহরের মানুষ। সাধারণ মানুষের মধ্যে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্য নিয়ে পুরুলিয়া শহরে এক বিশাল সাইকেল র্যালির আয়োজন করল পুরুলিয়া রোটারি ক্লাব।
এদিন সকাল সাতটা নাগাদ পুরুলিয়া ক্লাব থেকে পুরুলিয়া–রাঁচি রোড ধরে র্যালির সূচনা হয়। রঙিন ব্যানার, প্ল্যাকার্ড ও সচেতনতামূলক বার্তা নিয়ে সাইকেল র্যালিটি শহরের ট্যাক্সি স্ট্যান্ড, রেলস্টেশন, রাধাকৃষ্ণ মোড়, এমএস মাঠ ও এ ময়দান পরিক্রমা করে পুনরায় পুরুলিয়া রোটারি ক্লাবে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশ নেন পুরুলিয়া স্কুলের বিভিন্ন পড়ুয়া, শহরের সাধারণ মানুষ, পাশাপাশি রোটারি ক্লাবের কর্মকর্তা ও সদস্যরা। কিশোর-কিশোরীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই কর্মসূচিকে আরও প্রাণবন্ত করে তোলে।
সাইকেল র্যালির পাশাপাশি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং করা হয় এবং লিফলেট বিলি করে সাধারণ মানুষকে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতন করা হয়। কী এই রোগ, কারা বাহক, রোগের লক্ষণ কী এবং কীভাবে এই রোগ প্রতিরোধ করা সম্ভব—এসব বিষয়েই মূলত জোর দেওয়া হয় এদিনের সচেতনতা অভিযানে।
শীতের সকালেও শহরের রাস্তায় এই সচেতনতার সাইকেল র্যালি পুরুলিয়াবাসীর মধ্যে নতুন বার্তা ছড়িয়ে দিল— সচেতন হলেই থ্যালাসেমিয়ার মতো মারণ রোগকে প্রতিরোধ করা সম্ভব।











Post Comment