নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
একদিকে যানজট। সেইসঙ্গে ফুটপাত দখল ও বেপরোয়া পার্কিং। এই তিন সমস্যায় নাকাল পুরুলিয়া শহরবাসী। প্রতিদিন অফিস যাত্রী, ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ পথচারীদের ভোগান্তির শেষ নেই। এই পরিস্থিতি দূর করতে কতবার যে পথে নেমেছে পুলিশ, সাধারণ প্রশাসন ও পুরসভা তার হিসাব নেই। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
২০২২ সালের শেষ থেকে পুরুলিয়া জেলা পুলিশ পুরুলিয়া পুরসভাকে নিয়ে
এই সমস্যার সমাধানে
মানুষজনকে সচেতন সেই সঙ্গে ধারাবাহিক অভিযান চালিয়ে এই অব্যবস্থার খানিকটা নিয়ন্ত্রণে এনেছিল।
কিন্তু গত কয়েক দিনে পুরসভার ডামাডোল পরিস্থিতিতে আবার সেই আগের জায়গায় ফিরে যায়। তাই পুরুলিয়া জেলা পুলিশের ট্রাফিক পুলিশ আবার পুরুলিয়া শহরের পথে নেমে
এই সমস্যাগুলো মেটাতে চাইছে। পুরুলিয়ার পুলিশ সুপার বৈভব তেওয়ারি জানান, ” যানজট সমস্যায়
পদক্ষেপ নেওয়া হয়েছে। রাস্তায় মানুষজনদের সুরক্ষায়
পুলিশ পথে নেমে কাজ করছে। “
গত বৃহস্পতিবার সকাল থেকেই শহরের একাধিক গুরুত্বপূর্ণ ও ব্যস্ত রাস্তায় একযোগে অভিযান শুরু করেন ট্রাফিক পুলিশের আধিকারিকরা। মূল লক্ষ্য ছিল ফুটপাত দখলমুক্ত করা এবং যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ করা। অভিযানে দেখা যায়, ফুটপাত জুড়ে অবৈধভাবে বসে থাকা অস্থায়ী দোকান ও ব্যবসার কারণে পথচারীদের রাস্তায় নেমে হাঁটতে হচ্ছিল। ফলে যান চলাচলে চরম বিশৃঙ্খলা তৈরি হচ্ছিল। এই পরিস্থিতিতে কড়া পদক্ষেপ নেয় ট্রাফিক পুলিশ। ফুটপাত দখল করে বসে থাকা দোকানিদের উচ্ছেদ করা হয় এবং বেআইনিভাবে গাড়ি পার্ক করে চলে যাওয়া চালক ও মালিকদের জরিমানাও করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে যাতে ফের ফুটপাত দখল না হয়, সেই বিষয়ে ব্যবসায়ীদের স্পষ্ট হুঁশিয়ারিও দেওয়া হয়। তবে এই অভিযানের প্রভাব পড়ে সঙ্গে সঙ্গেই। পুলিশের কঠোর অবস্থান বুঝে অনেক ব্যবসায়ী ও দোকানি নিজেরাই এগিয়ে এসে ফুটপাত খালি করতে শুরু করেন। প্রশাসনের এই উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ। তাদের আশা, এই অভিযান নিয়মিত হলে পুরুলিয়া শহর সত্যিই যানজটমুক্ত ও পথচারীবান্ধব হয়ে উঠবে।
তবে শুধু একদিনের অভিযান নয়। দীর্ঘমেয়াদি নজরদারি ও নিয়মিত পদক্ষেপই পারে শহরের ট্রাফিক ব্যবস্থাকে স্থায়ীভাবে সুস্থ রাখতে।











Post Comment