নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:
বরাবাজারের নামোপাড়া এলাকায় পানীয় জলের তীব্র সংকট আবারও স্বরূপ দেখাল। দীর্ঘদিন ধরে নলকূপ অচল, জল সরবরাহে অনিয়ম এবং পর্যাপ্ত পানীয় জলের অভাবে অতিষ্ঠ স্থানীয়রা অবশেষে শনিবার সন্ধ্যায় রাস্তা অবরোধে বসেন। বহুবার দফতরে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা না হওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা বলেন, “এ ভাবে আর চলতে পারে না।”
অবরোধ ঘিরে এলাকায় প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে যান চলাচল সম্পূর্ণ থমকে যায়।
অভিযোগ, প্রতি গ্রীষ্মেই বরাবাজারের বিভিন্ন ওয়ার্ডে জল সমস্যার পুনরাবৃত্তি হলেও প্রশাসনের তরফে স্থায়ী কোনও ব্যবস্থা নেওয়া হয় না। এদিনের আকস্মিক অবরোধ সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ।অবরোধের খবর পেয়ে বরাবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলে। পরে প্রশাসনের প্রতিনিধিরা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে অবরোধকারীরা আন্দোলন প্রত্যাহার করেন।
জল সমস্যার পুরনো ইতিহাস স্বীকার করে বরাবাজার পঞ্চায়েত সমিতির সদস্যা শ্যামলী নামতা জানান, “এই অঞ্চলে পানীয় জলের সংকট বহুদিন ধরেই রয়েছে। বিষয়টি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে সমস্যা দূর করতে কাজ শুরু হবে বলে জানানো হয়েছে।”
অন্যদিকে বরাবাজার অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সহ-সভাপতি আবুল খান পরিস্থিতিকে ‘ক্ষোভের স্বাভাবিক প্রতিক্রিয়া’ বলে আখ্যা দিয়ে বলেন,
“নামোপাড়ায় পানীয় জলের সমস্যাটি দীর্ঘদিন ধরেই অবহেলিত। আজকের অবরোধ সেই দীর্ঘস্থায়ী সমস্যারই ফল। আমরা দ্রুত জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে বিষয়টি প্রশাসনিক দফতরে পাঠাব। দলীয়ভাবেও স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।”
স্থানীয়দের দাবি, প্রতিবার আশ্বাস মিললেও সমস্যার সমাধান আর সামনে আসে না। ফলে এই ১৫ দিনের প্রতিশ্রুতিও কতটা বাস্তবায়িত হবে, তা নিয়ে জনমনে প্রশ্ন থেকেই গেল।
স্থানীয়দের দাবি, প্রতিবার আশ্বাস মিললেও সমস্যার সমাধান আর সামনে আসে না। ফলে এই ১৫ দিনের প্রতিশ্রুতিও কতটা বাস্তবায়িত হবে, তা নিয়ে জনমনে প্রশ্ন থেকেই গেল।











Post Comment