নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
নভেম্বরের মাঝেই শীত এবার সত্যিই রূপ দেখাচ্ছে পুরুলিয়ায়। শুক্রবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এল ৭.৫ ডিগ্রি সেলসিয়াসে— মরশুমের এখনও পর্যন্ত সর্বনিম্ন। সর্বাধিক তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত হয়নি।
নভেম্বরের মাঝামাঝি ধাপে ধাপে তাপমাত্রা পতনে জেলাজুড়ে ঠান্ডার প্রকোপ বেড়েছে। ভোরবেলা কুয়াশা, রাস্তার গায়ে শিশির, আর সকাল-সন্ধ্যায় তীব্র শীত। গ্রাম ও শহর উভয় জায়গাতেই শীতের চেহারা স্পষ্ট।
কৃষি দফতরের তথ্য অনুযায়ী, বিশেষত পশ্চিমাঞ্চলের বাঘমুন্ডি, ঝালদা, বরাবাজার ও জয়পুরে পারদের পতন সবচেয়ে বেশি লক্ষণীয়। ১৩ ও ১৪ নভেম্বর যথাক্রমে ৮.৫ ও ৯ ডিগ্রি ছিল সর্বনিম্ন তাপমাত্রা, ১৫ তারিখে তা আরও নেমে ৭.৫ ডিগ্রিতে পৌঁছল।
আলিপুর আবহাওয়া দফতরের সাম্প্রতিক পর্যবেক্ষণেও পুরুলিয়াকে রাজ্যের অন্যতম শীতলতম জেলা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ডিসেম্বরে পারদ ৫ ডিগ্রির কাছাকাছি নামার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা।



Post Comment