insta logo
Loading ...
×

জ্যান্তরা মৃত, মৃতরা জিয়ন্ত! ভোটার তালিকায় ভূত ঢুকেছে আড়শায়!

জ্যান্তরা মৃত, মৃতরা জিয়ন্ত! ভোটার তালিকায় ভূত ঢুকেছে আড়শায়!

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যে শুরু হয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ (এসআইআর)। বাড়ি ঘুরে ঘুরে এনুমারেশন ফর্ম বিলি করছেন বুথ স্তরের আধিকারিক বা বিএলওরা। আর তাতেই ধরা পড়ল চাঞ্চল্যকর গরমিল। পুরুলিয়ার জয়পুর বিধানসভার আড়শা এলাকার ২৫৩ নম্বর বুথে ভোটার তালিকায় জীবিতদের দেখানো হয়েছে মৃত, আর মৃতদের দেখানো হয়েছে জীবিত।

জানা গেছে, ২৫৩ নম্বর বুথে ভোট ভোটারের সংখ্যা ৬৯৭ । সেখানেই জীবিত সাহেব কুমার, বিজলা কুমার ও রেণুবালা কুমার তিনজনকে মৃত বলে দেখানো হয়েছে ভোটার তালিকায়। তাঁদের নাম বাদ গেছে তালিকা থেকে। আবার মৃত উমাচরণ কুমার, গতিলাল কুমার ও দীনেশ কুমারকে জীবিত হিসেবে দেখানো হয়েছে। স্বাভাবিক ভাবেই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

এমন ভুলে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রশ্ন, “মৃতদের নামে ফর্ম বিলি হচ্ছে কীভাবে?” সরকারি কর্মীদের ভূমিকা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন।

আড়শা ব্লকের বিডিও গোপাল সরকার বলেন, “যাদের নাম ভোটার তালিকায় নেই , তাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। জীবিতদের নাম তালিকায় থাকবে, মৃতদের বাদ দেওয়া হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, দ্রুত সমস্যার সমাধান হবে।”

Post Comment