insta logo
Loading ...
×

সড়ক নির্মাণে পরিদর্শন মানবাজার ২ নং ব্লক এলাকায়

সড়ক নির্মাণে পরিদর্শন মানবাজার ২ নং ব্লক এলাকায়

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:

গ্রামীণ সংযোগ বৃদ্ধির লক্ষ্যে মানবাজার-২ ব্লকের একাধিক সড়ক প্রকল্পে এখন জোরকদমে কাজ চলছে। বড়গড়িয়া-জামতোড়িয়া ও বুড়িবাঁধ গ্রাম পঞ্চায়েতের মধ্যে বাঘাবাইদ থেকে কুলন্দরী পর্যন্ত যে গুরুত্বপূর্ণ সড়কটির নির্মাণকাজ শুরু হয়েছে, তা শেষ হলে এলাকাবাসীর যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

একই সঙ্গে আদিবাসী উন্নয়ন দপ্তরের তত্ত্বাবধানে বুড়িবাঁধ গ্রাম পঞ্চায়েতের জেলেংমুড়ি থেকে কালাঝর্না পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণের কাজও চলছে পূর্ণ উদ্যমে। বুধবার এই দুটি প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে পরিদর্শনে যান একাধিক আধিকারিক। ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো।

পরিদর্শনের সময় আমজোড়া বাঁধের পাড় সংলগ্ন এলাকায় দেখা যায়, স্থানীয় বোরো চাষিদের সেচের সুবিধার্থে রাস্তার ঢালাই অংশের নিচে তিনটি স্থানে পাইপ বসানোর ব্যবস্থা রাখা হয়েছে, যাতে পাম্প মেশিনের জলবাহিত নলগুলি সহজে রাস্তার নিচ দিয়ে পারাপার করতে পারে। এই পদক্ষেপের ফলে কৃষিকাজে কোনোরূপ বাধা সৃষ্টি হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।

Post Comment