insta logo
Loading ...
×

টেট রায়ের প্রভাব : পুরুলিয়ায় শুরু শিক্ষক আন্দোলন

টেট রায়ের প্রভাব : পুরুলিয়ায় শুরু শিক্ষক আন্দোলন

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

সুপ্রিম কোর্টের ১লা সেপ্টেম্বর, ২০২৫ তারিখের টেট পরীক্ষা সংক্রান্ত রায় এবং জুনিয়র ও হাইস্কুলের নর্মাল সেকশনের শিক্ষকদের সেকশন নিয়ে দীর্ঘদিনের সমস্যার সমাধানের দাবিতে বৃহস্পতিবার পুরুলিয়ায় জেলা বিদ্যালয় পরিদর্শককে ডেপুটেশন দিল শিক্ষক সংগঠন অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স’ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। প্রায় ৩০ জন শিক্ষক-শিক্ষিকার উপস্থিতিতে কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সেই সময়কার নিয়োগবিধি মেনে নিয়োগপ্রাপ্ত এবং দীর্ঘদিন শিক্ষকতা করা শিক্ষকদের কর্মজীবনে রায়ের কোনো প্রভাব না পড়ে, সে বিষয়ে সরকারকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

সংগঠনের অভিযোগ, ২০১৬ সালের পূর্বের নিয়োগে নর্মাল সেকশনে নিযুক্ত অনেক শিক্ষককে এখনও উৎসশ্রী সহ অন্যান্য সরকারি পোর্টালে একাধিক অপশন—নর্মাল, আপার প্রাইমারি, সেকেন্ডারি—সহ দেখানো হয়েছে। বাস্তবে যাদের নিয়োগ নর্মাল সেকশনে, তাদের ক্ষেত্রে শুধু “নর্মাল সেকশন” উল্লেখ থাকা উচিত।

ডেপুটেশনের সময় শিক্ষকরা এ মামলার রায়ের আলোকে প্রশাসনিক সংশোধনের দাবি জানান। তারা বলেন, নর্মাল সেকশনের শিক্ষকরা বাড়ির কাছাকাছি হাইস্কুলে বদলি পেতে পারলে যোগ্যতা ও মেধার যথাযথ ব্যবহার নিশ্চিত হবে। একই সঙ্গে কোনো অবস্থাতেই শিক্ষকদের আপার প্রাইমারি সেকশন বেছে নিতে বাধ্য করা যাবে না।

জেলা বিদ্যালয় পরিদর্শক বিষয়টি গুরুত্ব সহকারে শুনে রাজ্য শিক্ষাদপ্তরে পাঠানোর আশ্বাস দেন। জেলা সম্পাদক হর প্রসাদ রজক জানান, “আমাদের যৌক্তিক দাবিগুলি মনোযোগ দিয়ে শোনা হয়েছে। পরিদর্শক আশ্বাস দিয়েছেন আজই রাজ্যকে প্রতিবেদন পাঠানো হবে, ভবিষ্যতেও আমাদের পেশাগত সমস্যায় পাশে থাকবেন তিনি।”

Post Comment