insta logo
Loading ...
×

বিজেপিও পাশে, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ক্যাম্পে, মমতার ক্যারিশ্মা বলছে তৃণমূল

বিজেপিও পাশে, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ক্যাম্পে, মমতার ক্যারিশ্মা বলছে তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

পুরুলিয়া শহরে রাজনৈতিক সীমারেখা যেন কিছুক্ষণের জন্য মিলিয়ে গেল। সোমবার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মুনসেফডাঙ্গা হাইস্কুলে অনুষ্ঠিত হল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ক্যাম্প। আর সেখানেই দেখা গেল এক বিরল দৃশ্য—মঞ্চে তৃণমূল নেতৃত্বের পাশে বসে বিজেপি কাউন্সিলর আবীর সেনগুপ্ত।

শুধু উপস্থিতই নন, নিজের ওয়ার্ডের মানুষের অভিযোগ ও চাহিদার পাশে দাঁড়িয়ে স্পষ্ট জানালেন, “বিজেপির টিকিটে জিতেছি, কিন্তু আমি এখন জনপ্রতিনিধি। আমার ওয়ার্ডের মানুষের সমস্যা দেখা আমার দায়িত্ব। সভায় যে বিষয়গুলি উঠছে, সেগুলো আগে থেকেই পরিকল্পনা করে জমা দিয়েছি। চেয়ারম্যান ফান্ড না পাওয়ায় কিছু কাজ আটকে আছে।”

পুরপ্রধান নবেন্দু মাহালি বললেন, “রাজনৈতিক রঙে না দেখে মানুষের সেবা করাই আসল কথা। এর আগেও উনি দুয়ারে সরকারের ক্যাম্পে উপস্থিত ছিলেন। মানুষের ভোটে জিতে জনপ্রতিনিধি হয়েছেন, এলাকার উন্নয়ন করা তাঁর দায়িত্ব।”

শহর তৃণমূল সভাপতি প্রদীপ ডাগা অবশ্য ঘটনাটিকে দেখছেন অন্য চোখে। তিনি বলেন,“এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিশ্মা। উনি যে উন্নয়নমুখী প্রকল্প নিয়েছেন, বিজেপি কাউন্সিলরও তা সমর্থন করছেন—এটা শুনে ভালো লাগছে।”

Post Comment