নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
নিখিলবঙ্গ শিক্ষক সমিতির ঝালদা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হল বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতা। ঝালদা উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এদিন বসে আঁকো, আবৃত্তি ও তাৎক্ষণিক বক্তৃত’-র মতো বিষয়ের উপর আয়োজিত প্রতিযোগিতায় ঝালদা শহর ও পার্শ্ববর্তী এলাকার একাধিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
সমিতির ঝালদা শাখার সম্পাদক ও জেলা কমিটির সদস্য সন্দীপ ব্যানার্জী জানান, “এই প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের এক গুরুত্বপূর্ণ মঞ্চ। প্রতিটি বিভাগের প্রথম স্থানাধিকারীরা আগামী দিনে মহকুমা, জেলা এবং রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।”
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে মানপত্র ও বই তুলে দেন সমিতির স্থানীয় সদস্য ও পদাধিকারীরা।
সন্দীপবাবু জানান, “বর্তমানে মোবাইল ফোনের প্রতি ছাত্রছাত্রীদের অতিরিক্ত নির্ভরতা লক্ষ্য করা যাচ্ছে। তাদের বইয়ের প্রতি আকৃষ্ট করতেই এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”
সাংস্কৃতিক আবহে ভরপুর এই অনুষ্ঠান শিক্ষার্থীদের মননশীল বিকাশের পাশাপাশি শৃঙ্খলা ও সংস্কৃতিচর্চার ক্ষেত্রেও এক ইতিবাচক বার্তা দিল বলে মত উপস্থিত অভিভাবক ও শিক্ষকদের।











Post Comment