নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
পুরুলিয়া জেলার সড়ক পরিকাঠামোর আমূল উন্নয়নের দাবিতে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী অজয় টামতার সঙ্গে বৈঠক করলেন পুরুলিয়া লোকসভার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। বৃহস্পতিবার নয়াদিল্লিতে এই বৈঠকের পর সাংসদ সমাজমাধ্যমে জানান, জেলার তিনটি গুরুত্বপূর্ণ রুটের সম্প্রসারণ ও উন্নয়ন নিয়ে বিস্তারিত প্রস্তাব জমা দেওয়া হয়েছে মন্ত্রীর কাছে।
জেলার চাষ মোড়-রাঁচি সড়ক, পুরুলিয়া-ঝাড়গ্রাম রোড এবং পুরুলিয়া-দুর্গাপুর ফোর লেন রাস্তাই মূলত আলোচনার কেন্দ্রবিন্দু ছিল।
সাংসদ জানান, চাষ মোড়-রাঁচি রোড (ভায়া জয়পুর, কোটশিলা, ঝালদা, তুলিন, সিল্লি) রুটটি পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের মধ্যে সংযোগকারী এক গুরুত্বপূর্ণ করিডর। প্রায় ১২৫ কিমি দীর্ঘ এই রাস্তাটি অত্যন্ত সরু ও যানজটে ভরা। ফলে রাঁচির মতো গুরুত্বপূর্ণ শহরে চিকিৎসা বা ব্যবসার প্রয়োজনে যাতায়াতে প্রচণ্ড সমস্যা হয়। জয়পুর ও ঝালদায় ফ্লাইওভার নির্মাণ এবং পুরো রাস্তার সম্প্রসারণের দাবি জানানো হয়েছে।
অন্যদিকে সাংসদ জানান পুরুলিয়া-ঝাড়গ্রাম (ভায়া মানবাজার, বোরো, বান্দোয়ান)
পথে কোনও রেল পরিষেবা না থাকায় একমাত্র ভরসা সড়কপথ। অথচ রাস্তা এতটাই সরু ও বেহাল যে, সাধারণ যাত্রী ও পণ্য পরিবহণ দুইই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাংসদের দাবি, এই রাস্তাটির দ্রুত চওড়া করা এবং আধুনিকীকরণ প্রয়োজন।
সাংসদ জোর দিয়েছেন পুরুলিয়া-দুর্গাপুর ফোর লেন (ভায়া বাঁকুড়া) রাস্তার জন্যও।
বাঁকুড়া ও দুর্গাপুরের সঙ্গে পুরুলিয়ার সড়ক যোগাযোগ অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংসদ জানিয়েছেন, এই রাস্তাকে ফোর লেনে উন্নীত করা হলে একদিকে যেমন জ্বালানি ও সময় সাশ্রয় হবে, তেমনই কৃষিপণ্য ও স্থানীয় শিল্পের বাজারজাতকরণ আরও সহজ হবে।
এই তিনটি প্রকল্প অগ্রাধিকারে নেওয়ার অনুরোধ জানিয়ে সাংসদ বলেন, “জেলার সাধারণ মানুষের যাতায়াতের দুর্ভোগ লাঘব এবং অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে এই সড়কগুলির উন্নয়ন অত্যন্ত জরুরি। আমি আশাবাদী, কেন্দ্র সরকারের সহযোগিতায় এই কাজগুলি শীঘ্রই বাস্তবায়িত হবে।”











Post Comment