নিজস্ব প্রতিনিধি , ঝালদা ও হুড়া:
বেআইনি বালি উত্তোলন ও পরিবহণ রুখতে তৎপর পুলিশ। শনিবার ঝালদা ও হুড়া থানার পৃথক অভিযানে বাজেয়াপ্ত করা হল বালি বোঝাই তিনটি ট্রাক্টর। ঘটনার জেরে ট্রাক্টর চালক ও মালিকদের বিরুদ্ধে দুটি পৃথক মামলা রুজু করেছে সংশ্লিষ্ট থানাগুলি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে ঝালদা থানার অন্তর্গত কেরোয়ারি ঘাট এলাকায় বেআইনি ভাবে বালি উত্তোলনের খবর পেয়ে অভিযান চালায় তুলিন ফাঁড়ির পুলিশ। ঘটনাস্থলে পৌঁছনোর আগেই পুলিশকে দেখে ট্রাক্টরের চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুটি বালি বোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে পুলিশ।
অন্যদিকে, একই দিন সন্ধ্যায় হুড়া থানার পুলিশ কংসাবতী নদীর কুদলুং এলাকায় অভিযান চালিয়ে একটি বালি বোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত করে। পুলিশ জানিয়েছে, বেআইনি ভাবে নদী থেকে বালি তুলে তা পরিবহণের গোপন সূত্রে খবর পেয়েই তারা তৎপর হয়। অভিযানে গেলে পুলিশ দেখে চালক ট্রাক্টর ছেড়ে পালিয়ে যায়।
দুটি ঘটনাতেই অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। পাশাপাশি, বেআইনি বালি ব্যবসার রাশ টানতে অভিযান চলবে বলেই জানিয়েছে জেলা পুলিশ।











Post Comment