নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণামতো ১৫ ফেব্রুয়ারি থেকে ‘যুবসাথী’ প্রকল্পের ফর্ম তোলা ও জমা নেওয়ার প্রক্রিয়ার সূচনা হল । আর জেলায় প্রথম দিনেই এই প্রকল্পের সুবিধা নিতে ৪০ হাজার যুবক যুবতী নাম রেজিস্ট্রেশন করলেন। বিভিন্ন জায়গায় সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে ফর্ম সংগ্রহ ও জমা দিতে দেখা যায় বহু যুবক-যুবতীকে। পুরুলিয়া ১ ও ২ , আড়শা, বলরামপুর, জয়পুর সহ বিভিন্ন ব্লক শিবিরে একই চিত্র ধরা পড়ে। শিবির গুলোতে প্রশাসনিক আধিকারিক থেকে তৃণমূলের জনপ্রতিনিধিদের দেখা যায়।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে জেলায় ব্লক, মহকুমাশাসক কার্যালয় ও পুরসভা মিলিয়ে মোট ৩০ টি শিবির হয়। এদিন জেলাশাসক পুরুলিয়ার ২ নং ব্লক চত্বরের শিবির পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত। জেলাশাসক সুধীর কোন্থাম বলেন, “সমগ্র জেলা জুড়ে মোট ৩০ টি রেজিস্ট্রেশন শিবির হয়েছে। । এই শিবির থেকে লক্ষ্মীর ভান্ডারের পাশাপাশি ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের ফর্মও দেওয়া হচ্ছে। সব মিলিয়ে ৪০ হাজার জন শিবিরে হাজির হন। আড়শা ব্লকের শিবির পরিদর্শন করেন এডিএম রবি আগরওয়াল।
প্রসঙ্গত, ‘যুবসাথী’ প্রকল্পের মাধ্যমে রাজ্যের যোগ্য যুবক-যুবতীদের মাসে ১৫০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। সহায়তা দেওয়া শুরু হবে এপ্রিল মাস থেকেই।২৬ শে ফেব্রুয়ারি পর্যন্ত এই শিবির চলবে। তবে সরকারি ছুটির দিন কোন শিবির হবে না। সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এই শিবির হবে।
এদিন শিবিরে উপস্থিত অনিন্দিতা ব্যানার্জী বলেন, “এখন তো চাকরির নিশ্চয়তা নেই। যদি এই টাকাটা অ্যাকাউন্টে আসে তাহলে ভালোই হবে। হাত খরচটা চলে যাবে।”
লাইনে দাঁড়িয়ে থাকা আর এক যুবক বলেন, “রাজ্য সরকারের এই প্রকল্প মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের কাছে খুবই উপযোগী। এর ফলে বিভিন্ন পরীক্ষার ফর্ম ফিল আপ থেকে যাওয়া আসার ক্ষেত্রে খুবই সুবিধা হবে।”











Post Comment