নিজস্ব প্রতিনিধি, জয়পুর:
দীর্ঘদিনের দাবি পূরণ করে গড়জয়পুর আরবি বি হাই স্কুলে তৈরি হল নতুন কমিউনিটি হল। সোমবার পুরুলিয়া জেলা পরিষদের প্রায় ৩০ লক্ষ টাকার বরাদ্দে নির্মিত ওই হলের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা জেলা তৃণমূলের চেয়ারম্যান শান্তিরাম মাহাতো, জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, কর্মাধ্যক্ষ নীলাঞ্জনা পট্টনায়ক চট্টোপাধ্যায়, জেলা পরিষদের সদস্য অর্জুন মাহাতো, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ চন্দ্র কুমার এবং পরিচালন সমিতির সভাপতি দেবাশীষ দাস-সহ অন্যান্য অতিথিরা।
সভাধিপতি নিবেদিতা মাহাতো জানান, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি কমিউনিটি হলের। সেই দাবি মেনেই জেলা পরিষদের উদ্যোগে হলটি নির্মাণ করা হয়েছে। স্কুলের বিভিন্ন অনুষ্ঠান ছাড়াও স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে এই হল ব্যবহৃত হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। নতুন এই পরিকাঠামো তৈরি হওয়ায় খুশি স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসী।










Post Comment