insta logo
Loading ...
×

কোটশিলায় শিক্ষক নিগ্রহে ধৃত ৩, জেল হাজতের নির্দেশ

কোটশিলায় শিক্ষক নিগ্রহে ধৃত ৩, জেল হাজতের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, কোটশিলা :

স্কুলে ঢুকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে নিগ্রহ ও স্কুলের সম্পত্তি নষ্ট করার অভিযোগে এক অভিভাবক-সহ তিনজনকে গ্রেফতার করল কোটশিলা থানার পুলিশ। ধৃতদের নাম সুষেণ কুমার, আষাঢ়ি কুমার ও ছুটুলাল কুমার। তিনজনই এই থানার বড়তলিয়া গ্রামের বাসিন্দা।

ঘটনাটি ঘটেছে গত শনিবার এই থানার বেগুনকোদর উচ্চ বিদ্যালয়ে। অভিযোগ, সেদিন ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পরীক্ষা চলাকালীন অষ্টম শ্রেণির কয়েকজন ছাত্র চেঁচামেচি করছিল। বিষয়টি দেখে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোমনাথ কর্মকার ক্লাসে পৌঁছে এক ছাত্রকে ধমক দিয়ে সতর্ক করেন।

কিন্তু অভিযোগ, ওই ছাত্রের অভিভাবক সোমবার আরও প্রায় ১৫ জনকে নিয়ে স্কুলে ঢুকে দাবি করে যে ছাত্রটিকে মারধর করা হয়েছে। এরপরই তারা প্রধান শিক্ষক সোমনাথবাবুর উপর হামলা চালায়। অভিযোগ, ওই হামলায় তিনি রক্তাক্ত হন এবং স্কুলের কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয়। প্রধান শিক্ষকের চিৎকার শুনে অন্যান্য শিক্ষকরা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।

ঘটনার ভিত্তিতে সোমনাথবাবু কোটশিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ একটি সুনির্দিষ্ট মামলা রুজু করে তদন্তে নেমে মঙ্গলবার রাতে তিনজনকে গ্রেফতার করে। বুধবার তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

Post Comment