নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্রগুলিকে নিয়ে মানবাজার ১ নম্বর চক্রে অনুষ্ঠিত হলো ৪১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় মোট ১৭টি বালক ও ১৭টি বালিকা বিভাগে ৩৪টি ইভেন্টে অংশগ্রহণ করে ২০৪ জন ছাত্র-ছাত্রী। এই ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন মানবাজার
মহকুমাশাসক মহম্মদ মানজার হুসেন অঞ্জুম। এছাড়া অনুষ্ঠানে ছিলেন বিভিন্ন প্রশাসনিক আধিকারিক, স্থানীয় জনপ্রতিনিধি। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী ও বিজয়ীদের মধ্যে একই দিনে পুরস্কার বিতরণ করা হয়।প্রতিযোগিতায় যারা প্রথম স্থান অধিকার করেছে, তারা আগামী ২৭ ডিসেম্বর বসন্তপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত জোনালস্তরের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। সেখান থেকে জেলা ও রাজ্য স্তরের প্রতিযোগিতায় উত্তীর্ণ হওয়ার সম্ভাবনাও রয়েছে।
এবছরও অসাধারণ সাফল্য অর্জন করে গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়। মোট ২২টি পুরস্কার ও ৪৬ পয়েন্ট পেয়ে তারা প্রথম স্থান অধিকার করে, যা সর্বোচ্চ।
দ্বিতীয় স্থান অধিকার করে উদয়পুর প্রাথমিক বিদ্যালয়। উল্লেখযোগ্য বিষয় হলো—বিগত তিন বছরের মতো এ বছরও গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয় মানবাজার–১ নং চক্রের ক্রীড়া প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব ধরে রাখল।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক অমিতাভ মিশ্র বলেন, “এই সাফল্য শুধুমাত্র একটি বিদ্যালয়ের নয়, এটি সমগ্র মানবাজার–১ নং চক্রের গর্ব। পড়াশোনার পাশাপাশি খেলাধূলা ছাত্র-ছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষকদের পরিশ্রম, অভিভাবকদের সহযোগিতা এবং ছাত্র-ছাত্রীদের নিষ্ঠাই এই সাফল্যের মূল চাবিকাঠি। ভবিষ্যতে জেলা ও রাজ্য স্তরেও আমাদের ছাত্রছাত্রীরা সুনাম অর্জন করবে এই বিশ্বাস আমাদের আছে।”
এই ক্রীড়া প্রতিযোগিতা ছাত্র-ছাত্রীদের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মত প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।











Post Comment