দেবীলাল মাহাত, আড়শা:
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হল আড়শা ২ নং চক্রে। ওই চক্র-র প্রাথমিক, নিম্ন বুনিয়াদি, মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ছাত্র- ছাত্রীদের নিয়ে ৪১ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল আড়শা ব্লকের বেলডি নিম্ন বুনিয়াদি বিদ্যালয় ময়দানে। সোমবার বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি। এই ক্রীড়ানুষ্ঠানে বেলডি, আড়শা, মানকিয়ারী ও হেটগুগুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিদ্যালয় গুলির ছাত্র ছাত্রীরা ৩৪ টি ইভেন্টে ১৮৪ জন প্রতিযোগী অংশ নেন। ছাত্র-ছাত্রীদের কাছে আকর্ষণীয় করে তুলতে খেলার মাঠকে বিভিন্ন মনীষীদের ছবি দিয়ে সুন্দর ভাবে সাজিয়ে তোলা হয়েছিল। তৈরি করা হয়েছিল সেলফি পয়েন্ট। একদিনের এই প্রতিযোগিতায় এদিন ইভেন্ট শেষেই সফল প্রতিযোগীদের হাতে শংসাপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়। সাথে সাথে সবুজ রক্ষার বার্তা দিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয় একটি করে গাছের চারা। প্রতিযোগিতাকে ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিন খেলার মাঠে উপস্থিত ছিলেন আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি, আড়শা ২ নং চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শান্তনু পোড়িয়া , বেলডি গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতা রজক সহ সমস্ত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।











Post Comment