insta logo
Loading ...
×

বন্দেমাতরম এর ১৫০ বছর, দেশাত্মবোধের আবেগে আদ্রা ডিভিশন

বন্দেমাতরম এর ১৫০ বছর, দেশাত্মবোধের আবেগে আদ্রা ডিভিশন

নিজস্ব প্রতিনিধি , আদ্রা:

দেশের জাতীয় গান ‘বন্দেমাতরম’–এর রচনার ১৫০ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার আদ্রা রেল বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হল এক অনবদ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। আদ্রা অফিসার্স ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে বিভাগের আধিকারিক, কর্মচারী, আরপিএফ জওয়ান–সহ বহু মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সূচনা হয় ‘বন্দেমাতরম’–এর সম্মিলিত কণ্ঠসঙ্গীতের মাধ্যমে। অংশগ্রহণকারীদের মধ্যে দেশপ্রেমের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। পরে আদ্রা বিভাগের সাংস্কৃতিক দলের শিল্পীরা পরিবেশন করেন একাধিক দেশাত্মবোধক গান। তাদের প্রাণবন্ত পরিবেশনা দর্শকদের মন জয় করে নেয়।

এই সময় লাইভ সম্বোধনের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলকে শুভেচ্ছা জানান এবং ‘বন্দেমাতরম’–এর ঐতিহাসিক গুরুত্বের ওপর আলোকপাত করেন। তিনি বলেন, “বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই সৃষ্টিই ভারতের স্বাধীনতা আন্দোলনে এক অদম্য প্রেরণার উৎস হয়ে উঠেছিল।” প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ঐতিহাসিক প্রথম পরিবেশনার কথাও, যা জাতীয় চেতনার জোয়ার তুলেছিল দেশজুড়ে।

জাতীয় গানের এই ঐতিহ্যকে সাধারণ মানুষের কাছে আরও পৌঁছে দিতে আদ্রা বিভাগের তরফে নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ। বিভাগের গুরুত্বপূর্ণ স্টেশনগুলি—বোকারো স্টিল সিটি, পুরুলিয়া, আদ্রা ও বাঁকুড়া—র ডিজিটাল এলইডি স্ক্রিনে নিয়মিত প্রদর্শিত হচ্ছে ‘বন্দেমাতরম’–সংক্রান্ত তথ্যচিত্র ও ভিডিও বার্তা।

এছাড়াও, বিভিন্ন স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে প্রতিদিন নির্দিষ্ট সময়ে বাজানো হচ্ছে ‘বন্দেমাতরম’–এর সুর। রেল যাত্রী থেকে সাধারণ মানুষ—সবাই এই সুরে দেশাত্মবোধের আবেশে ভাসছেন।

Post Comment