insta logo
Loading ...
×

এক বুথেই গায়েব ১৩০ নাম, ছেলের নাম আছে, বাপের নেই! প্রশ্নের মুখে এসআইআর

এক বুথেই গায়েব ১৩০ নাম, ছেলের নাম আছে, বাপের নেই! প্রশ্নের মুখে এসআইআর

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

ভোটের মুখে পুরুলিয়ায় ভোটার তালিকা ঘিরে চরম বিভ্রান্তি ও ক্ষোভ! ২০০২ সালের তালিকায় যাঁদের নাম জ্বলজ্বল করছিল, আচমকাই এসআইআর বিচারাধীন তালিকা থেকে একেবারে গায়েব হয়ে গিয়েছে তাঁদের নাম। ঘটনাটি ২৪২ নং পুরুলিয়া বিধানসভার ১৯৬ নং বুথের। একসঙ্গে ১৩০ জন ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ায় এবার নিজেদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে, পুনরায় তালিকায় নাম তোলার আবেদন নিয়ে সোজাসুজি জেলাশাসকের দপ্তরের সামনে হাজির হলেন এই ক্ষুব্ধ ভোটাররা।

​নিজেদের ভবিষ্যত নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। তালিকা থেকে নাম বাদ যাওয়ার ধরন রীতিমতো অদ্ভুত বলে দাবি করে ইমতিয়াজ নামের এক ভোটার বলেন, “সিস্টেম এমন হয়েছে যে, ছেলের নাম তালিকায় এসেছে, অথচ খোদ বাপের নাম আসেনি! তাহলে এখন বাপটা বৈধ, নাকি ছেলেটা?” একই আক্ষেপ পারভিন বিবির গলায়। তিনি বলেন, “আমার জন্ম এখানেই। দাদা-দাদি, নানা-নানি সবাই এখানকার বাসিন্দা, তা সত্ত্বেও আজ তালিকায় আমার নাম নেই!”

তাৎপর্যপূর্ণভাবে, সাধারণ ভোটারদের এই যুক্তিসঙ্গত দাবিকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন বিএলও সোনালী বন্দ্যোপাধ্যায়।

​প্রশাসনের দরজায় কড়া নাড়া এই মানুষগুলোর চোখেমুখে এখন চরম অনিশ্চয়তা। প্রশ্ন উঠেছে, ভোটার তালিকা থেকে বাদ পড়া এই মানুষগুলোর ভবিষ্যৎ কী? এতদিন তাঁরা যে ভোট দিয়ে এলেন, সেটাও কি তবে অবৈধ ছিল?

Post Comment