নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা:
দলছুট হাতির হানায় মৃত বৃদ্ধের স্ত্রীর হাতে বন দফতর তুলে দিল ক্ষতিপূরণের চেক। পুঞ্চার দলহা এলাকায় হাতির হানায় মৃত বাহাদুর মাহাতোর স্ত্রী কাঞ্চন মাহাতোর হাতে সোমবার দুপুরে রাজ্যে সরকারের তরফে পাঁচ লাখ টাকার চেক তুলে দেন পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ জয়মল ভট্টাচার্য্য, কংসাবতী উত্তর বনবিভাগের এডিএফও মধুর মিলন ঘোষ সহ পুঞ্চা থানার ওসি, বিডিও, রেঞ্জার ও পঞ্চায়েত সমিতির সভাপতি।
রবিবার ভোরে বাঁকুড়া থেকে একটি দলছুট হাতি এসে বাড়ির অদূরে বাহাদুর মাহাতোকে জখম করে। তাকে পুঞ্চা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা করানো হয়। রেফার করেন চিকিৎসকরা। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতাল নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। কংসাবতী উত্তর বনবিভাগের ডিএফও মুদিত কুমার বলেন,” মৃতের স্ত্রীকে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়েছে। চাকরির বিষয়টি নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পাঠানো হবে।”



Post Comment