নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
প্রিপেইড স্মার্ট ইলেট্রিক মিটার ব্যবহারে প্রতিরোধ গড়ে তুলতে আলোচনা সভা অনুষ্ঠিত হল পুরুলিয়া শহরে। শুক্রবার অল ইন্ডিয়া কিষান ক্ষেতমজুর সংগঠনের ডাকে এই সভা হয় মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে । মোবাইল ফোনের মত প্রিপেড স্মার্ট মিটারে আগে টাকা জমা দিয়ে পরিষেবা পেতে হবে। রিচার্জ করা টাকা কখন শেষ হয়ে যাবে তার কোন নির্দিষ্ট সময়সীমা থাকবে না। এমনকি মাঝ রাতে যদি প্রিপেইডের টাকা শেষ হয়ে যায়, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাবে। পুনরায় রিচার্জ না করা পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন না গ্রাহকেরা । কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার হচ্ছে, তার দাম কত, সেই বিষয়ে সাধারণভাবে কিছুই জানতে পারবেন না তারা । বিদ্যুতের দামও চাহিদা অনুযায়ী ওঠানামা করবে। যা সাধারণ মানুষের কাছে বোঝা হয়ে দাঁড়াবে। আলোচনা সভায় স্মার্ট মিটার বিরোধিতার কারণগুলো এদিন বিস্তারিতভাবে আলোচনা করা হয় সংগঠনের পক্ষ থেকে।
সংগঠনের পক্ষে রঙ্গলাল কুমার জানান,”স্মার্ট মিটার বিরোধিতায় রাজ্যজুড়ে গণ আন্দোলন গড়ে তোলা হবে। স্মার্ট মিটার সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের কোন উপকার আসবে না। সমস্যায় পড়বে সাধারণ গরিব মানুষ। তাই স্মার্ট মিটার বিরোধিতায় আন্দোলন গড়ে তোলার জন্য সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানানো হয়েছে। আগামী ১০ জুন সারা রাজ্যের সাথে পুরুলিয়া জেলার প্রতিটি ব্লকে বিদ্যুৎ দপ্তর ঘেরাও সহ ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়েছে। তার আগে জেলার প্রতিটি গ্রামে গিয়ে স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলা হবে।”
এদিনের সভায় উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া কিষান ক্ষেতমজুর সংগঠনের সর্বভারতীয় সম্পাদক শংকর ঘোষ, সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি পঞ্চানন প্রধান সহ সংগঠনের জেলাস্তরের সদস্যরা।










Post Comment