insta logo
Loading ...
×

‘সোনার মেয়ে’বাসন্তী মাহাতো দেশের গর্ব!বললেন সভাধিপতি

‘সোনার মেয়ে’বাসন্তী মাহাতো দেশের গর্ব!বললেন সভাধিপতি

সম্রাট নাগ ও সঞ্জয় চৌধুরি, বরাবাজার:

বাড়ি আসতেই সংবর্ধনায় ভাসছেন পুরুলিয়ার জঙ্গলমহল বরাবাজারের ‘সোনার মেয়ে’ বাসন্তী মাহাতো। ‘মাড় ভাতের দম’ যে কোন অংশেই কম নয়। তা আবারও বুঝিয়ে দিয়েছে পুরুলিয়ার ভূমিকন্যা বাসন্তী মাহাতো। বিদেশের মাটিতে জঙ্গলমহলের নাম উজ্জ্বল করে গত শনিবার
তিনি বাড়ি ফেরেন। তারপর থেকে শুধুই সংবর্ধনা।

তিরন্দাজি ২০২৫ এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে ভারতের হয়ে মহিলাদের রিকভার ইভেন্টে সোনার পদক জয়লাভ করেন তিনি।
পুরুলিয়ার বরাবাজারের রানসি গ্রামের দরিদ্র কৃষক পরিবারে জন্ম তার। অভাব অনটনের মধ্যেই তার বড় হয়ে ওঠা। পরিবারে রয়েছে মা-বাবা ও ভাই। ‌এবার তার এশিয়া কাপে স্বর্ণপদক জয় গর্বিত করেছে সমগ্র পুরুলিয়াকে। বাংলাকেও।

বছর সাতেক আগে গ্রামের এক স্থানীয় সিভিক ভলান্টিয়ারের কাছ থেকে সে জানতে পেরেছিল বরাবাজার থানায় তিরন্দাজি শেখার কথা। আর তা শুনেই বাসন্তী বরাবাজার থানায় তিরন্দাজি প্রশিক্ষণ শুরু করেন। তারপর একের পর এক ‘লক্ষ্য’ভেদ।‌ আর এবার এশিয়া কাপ ২০২৫ আর্চারিতে সিনিয়র রিকার্ভে সোনার পদক। আন্তর্জাতিক স্তরে এই প্রথম সোনা ছিনিয়ে ভীষণই খুশি বাসন্তী। চাইনিজ তাইপের ফং ইউ ঝু-র থেকে ৪-০ ব্যবধানে পিছিয়ে পড়েও
৬-৪ ব্যবধানে তাকে হারিয়ে
সোনা জিতে নেন জঙ্গলমহলের ওই কন্যা। সেই সঙ্গে টিম ইভেন্টেও রুপো পান তিনি। বাসন্তী বরাবাজারের সিন্দরিতে পা রাখতেই ওই গ্রাম সহ বরাবাজারেও
শোভাযাত্রা হয়। বরাবাজার থানার পক্ষ থেকেও সম্বর্ধনা দেওয়া হয়। ওই অনুষ্ঠানে ছিলেন বরাবাজার থানার আইসি পার্থসারথি চক্রবর্তী।
রবিবার বিকালে বাসন্তীর বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা, অভিনন্দন ও সংবর্ধনা জানিয়ে আসেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি
নিবেদিতা মাহাতো, পুরুলিয়া জেলা পরিষদের পূর্ত, কার্য, পরিবহন স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো। তাঁদের সঙ্গে ছিলেন বরাবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি লম্বোদর মাহাতো, সহ-সভাপতি উত্তম মিশ্র, বরাবাজার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শশধর মুদি প্রমুখ। সভাধিপতি বলেন, ” বাসন্তী আমাদের দেশের গর্ব। তুমি এগিয়ে চলো। সবসময় আমরা তোমার পাশে আছি।”

তবে বাসন্তীর এই সাফল্য সহজ ছিল না। এর জন্য কম কাঠ-খড় পোড়াতে হয়নি বনমহলের এই কন্যাকে। ঘরে যে ছিল অভাব। নুন আনতে পান্তা ফুরানোর সংসার। কৃষক পরিবারের ওই মেয়ের খেলাধূলার জন্য প্রশিক্ষণ নেওয়া ছিল কার্যত বিলাসিতা। ২০১৮ সালে পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে বরাবাজার থানার তিরন্দাজি একাডেমী ‘লক্ষ্য’ ওই ১৩ বছরের কিশোরী বাসন্তীর জীবনের মোড় যেন ঘুরিয়ে দেয়। বিনা খরচে ধনুক নিয়ে তিনি শিখতে থাকেন তিরন্দাজি। ফি দিন ৫ কিলোমিটার পথ ভেঙে একাডেমিতে শিখতে আসতেন। লক্ষ্য, একাগ্রতা আর অধ্যবসায়ে এই সাফল্য
মেলে।

Post Comment