নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
হেমন্তের সকাল এখন পুরুলিয়ায় একেবারে স্পষ্ট—ঝকঝকে নীল আকাশ, হালকা কুয়াশা আর ভোরের দিকে পাখা বন্ধ করে ঘুম। বৃহস্পতিবারও সেই ধারাই বজায় থাকল। জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। টানা তিন দিন বৃষ্টিহীন আকাশ, ফলে বাতাসে ধীরে ধীরে বাড়ছে শুষ্কতা। তবে সকালের দিকে স্পষ্ট ঠান্ডার অনুভব।
আবহাওয়া দফতর জানাচ্ছে, পশ্চিমাঞ্চলের আকাশ আপাতত মেঘমুক্ত থাকলেও শনিবার থেকে রাজ্যের দুই প্রান্তেই হাওয়া বদলের সম্ভাবনা। উত্তর ও দক্ষিণবঙ্গের বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ, যার ফলে উত্তরবঙ্গের পাহাড়ি জেলা দার্জিলিং ও কালিম্পং, এবং দক্ষিণে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
তবে পুরুলিয়া-সহ পশ্চিমাঞ্চলে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আবহাওয়া দফতর। ফলে দীপাবলির আগের এই সময়ে জঙ্গলমহল জুড়ে থাকবে রোদঝলমলে দিন।
জেলার কৃষি দফতর জানাচ্ছে, অতিবৃষ্টির মরশুম শেষে আমন ধানের ক্ষেত এখন দোল খাচ্ছে। ফসল ভালো হওয়ায় চাষিদের মুখে হাসি। এদিকে, তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করায় চন্দনকুমারী থেকে অযোধ্যা পাহাড় পর্যন্ত ভিড় বাড়ছে পর্যটকদেরও।
বর্ষার রেকর্ড বৃষ্টির পর এবার হেমন্তের আবহেই পুরুলিয়া প্রস্তুত কালীপুজো আর দীপাবলির উৎসবে। তবে আবহবিদদের সতর্কতা—অক্টোবরের শেষ সপ্তাহে সাগরে তৈরি হতে পারে নতুন ঘূর্ণিঝড় ‘মোন্থা’। এখনই তার পূর্বাভাস না মিললেও নজর রাখা হচ্ছে সাগরের দিকেই।











Post Comment