নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
মহামায়ী গ্রাম্য পুজো ও মেলাকে ঘিরে আবারও ফিরে এল গ্রামবাংলার চিরাচরিত উৎসবের আবহ ঝালদা থানার অন্তর্গত কাঁসরা গ্রামে। মাঘ মাসের ১০ তারিখ থেকে শুরু হওয়া এই পুজো ও মেলাকে কেন্দ্র করে কয়েক দিন ধরে গোটা গ্রাম জুড়ে উৎসবের আমেজে মেতে ওঠেন মানুষজন। শতাব্দী প্রাচীন এই মহামায়ী পুজো কেবল একটি ধর্মীয় আচার নয়। বরং কাঁসরা গ্রামের সামাজিক ও সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এক সময় গ্রামের জমিদার সদ্দার পরিবারের উদ্যোগে এই পুজোর সূচনা হলেও, কালের নিয়মে তা আজ পরিণত হয়েছে সর্বজনীন উৎসবে। বর্তমানে গ্রামের সব শ্রেণির মানুষ একযোগে এই পুজো ও মেলার আয়োজন করে থাকেন। পুজোকে ঘিরে আয়োজিত গ্রাম্য মেলায় লোকসংস্কৃতির নানা রূপ চোখে পড়ে। দূরদূরান্তের মানুষজন এই মেলায় এসে মিলিত হন, যার ফলে গ্রামীণ সংস্কৃতি, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধন আরও দৃঢ় হয়। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পার্শ্ববর্তী অঞ্চল এবং প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড থেকেও বহু মানুষ এই পুজো উপলক্ষে কাঁসরা গ্রামে আসেন। পুজো কমিটির সদস্য টিঙ্কু সর্দার জানান, “এই উৎসবের মূল উদ্দেশ্য হল প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা এবং নতুন প্রজন্মের মধ্যে গ্রাম্য সংস্কৃতির প্রতি আগ্রহ তৈরি করা। ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি এই পুজো গ্রামবাসীদের ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টার প্রতীক হয়ে উঠেছে।” ব্রতী অচিন্ত মাহাতো বলেন, মহামায়ী অত্যন্ত জাগ্রত দেবী। তাই বহু মানুষ তাঁদের মানসিক শান্তি ও মনের আশা পূরণের জন্য এই পুজোতে অংশগ্রহণ করেন। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই বিশ্বাস ও সংস্কৃতিই কাঁসরা গ্রামের মহামায়ী পুজোকে অন্য মাত্রা দিয়েছে।











Post Comment