নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
ঠিক যেন পথ দুর্ঘটনার আঁতুড় হয়ে উঠেছে বলরামপুর। মাস, সপ্তাহ তো দূর এখন প্রায় প্রতিদিন বলরামপুর এলাকায় ঘটছে পথ দুর্ঘটনা। বলরামপুর যেন মরণফাঁদ। আর সেই ফাঁদে ফের পথ দুর্ঘটনা বলরামপুরে। ছোটো চার চাকা গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন এক বৃদ্ধা, গুরুতর আহত আরও ১।
মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে বলরামপুর থানার বরাবাজার- বলরামপুর রাজ্য সড়কের উপর বনবাঁধা মোড় এলাকায়। স্থানীয় সিএসপি সেন্টার থেকে টাকা তোলার পর পানি টুডু ও রবনি কিসকু নামের দুই মহিলা হেঁটে বাড়ি আসছিলেন। ঠিক সেই সময় বরাবাজার দিক থেকে আসা ওই ছোট চার চাকা গাড়িটি পিছন দিক থেকে তাঁদের ধাক্কা মারলে দুজনেই গুরুতরভাবে আহত হন।খবর দেওয়া হয় বলরামপুর থানায়। পুলিশের তৎপরতায় ওই দুই আহত মহিলাকে নিয়ে আসা হয় বলরামপুর বাঁশগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে কর্মরত চিকিৎসকেরা পানি টুডু (৭২) কে মৃত বলে ঘোষণা করেন। অপর দিকে সত্তরোর্ধ বৃদ্ধা রবনি কিসকুকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করা হয়। দুজনেরই বাড়ি বলরামপুর থানার অন্তর্গত বনবাঁধা গ্রামে।
মৃতদেটি ময়না তদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘাতক চারচাকা গাড়িটিকে আটক করে তদন্ত শুরু করেছে বলরামপুর থানার পুলিশ।









Post Comment