নিজস্ব প্রতিনিধি,ঝালদা :
জেলার অন্যান্য প্রান্তের মতোই পুরুলিয়ার ঝালদা শহরও রঙিন হয়ে উঠল ভাদু উৎসবে। মঙ্গলবার সারা রাত ধরে শহরের বিভিন্ন মহল্লায় মহিলারা ভাদুর আরাধনায় মেতে ছিলেন। ভাদু গানের সুরে মুখরিত হয়ে ওঠে ঝালদার অলিগলি।
কথিত আছে, ভাদু বা ভদ্রাবতী ছিলেন কাশিপুর রাজপরিবারের কন্যা। অকালমৃত্যুর পর তাঁর স্মৃতিতেই রাজা ভাদু পূজার সূচনা করেন, যা পরে সমগ্র মানভূম অঞ্চলে ছড়িয়ে পড়ে। আজও সেই ঐতিহ্য সমানভাবে অটুট রয়েছে।
প্রতি বছরই বিশ্বকর্মা পূজোর আগের রাতে মহিলারা দেবী ভাদুর আরাধনা করেন, মিষ্টি নিবেদন করেন এবং সারারাত ভাদু গান গেয়ে কাটান। পরদিন সকালে, অর্থাৎ বিশ্বকর্মা পূজার দিন দেবীকে বিসর্জন দেওয়া হয়।
ভাদু উৎসব ঘিরে ঝালদায় ছিলো উৎসবের আমেজ। বিশেষ করে মিষ্টির দোকানগুলিতে ভিড় ছিল চোখে পড়ার মতো। বড়ো বড়ো জিলিপির চাহিদা ছিল আকাশছোঁয়া।
জিলিপি কারিগর বচন মোদক জানান,
“আমাদের দোকানে ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে। কয়েকশো কেজি জিলিপি বানানো হয়েছে ঝালদা জুড়ে।”
অন্যদিকে ব্রতী সাবিত্রী কৈবর্ত বলেন,
“ভাদু উৎসব মানেই গানের সুর, আনন্দ আর ভাদু দেবীর আরাধনা।”
লোকসংস্কৃতির আবহ, ভাদু গানের সুর আর জিলিপির গন্ধে গোটা ঝালদা শহর উৎসবমুখর হয়ে উঠেছিল।











Post Comment