insta logo
Loading ...
×

ভাতা ছেড়ে ভিন রাজ্যে পাড়ি, পুরুলিয়া স্টেশনে উপচে পড়া ভিড়

ভাতা ছেড়ে ভিন রাজ্যে পাড়ি, পুরুলিয়া স্টেশনে উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

হাতে ব্যাগ, মাথায় গামছা বেঁধে একের পর এক মানুষ। উঠে যাচ্ছেন ভেল্লুপুরমগামী ট্রেনে। মনসা পুজো পার হতেই প্রতিদিন সকাল থেকে পুরুলিয়া রেল স্টেশন চত্বরে শ্রমিকদের উপচে পড়া ভিড়। আবারও ভিন রাজ্যের পথে হাজার হাজার পরিযায়ী শ্রমিক। পুজোর আগেই কর্মসংস্থানের খোঁজে জেলা ছেড়ে রওনা দিলেন তারা। ভিন রাজ্যে পাড়ি দেওয়ার আগে শ্রমিকদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন জেলার বিজেপি নেতৃত্ব।

শ্রমিকদের অভিযোগ, জেলায় কাজ নেই বললেই চলে। যে ছোটখাটো কাজ মেলে তার মজুরি এতটাই কম যে সংসার চালানো দায়। কেউ বলেন, “ভাতা পেলে পাঁচ হাজার টাকা হাতে আসে, কিন্তু ওই টাকায় পরিবার চলবে না।” অন্য আর এক শ্রমিকের যুক্তি, “ভিন রাজ্যে মজুরি বেশি, কাজও সহজে মেলে। তাই পেটের টানে যেতে হচ্ছে।” গ্রামের পর গ্রামে বেকার যুবকের ভিড় বাড়ছে বলেই দাবি তাদের।

রাজনৈতিক তরজাও শুরু হয়েছে এ নিয়ে। জেলা বিজেপির সহ সভাপতি গৌতম রায়ের অভিযোগ, “রাজ্যে শিল্প-কলকারখানা নেই। ভাতা দিয়ে সমস্যার সমাধান হয় না। যদি শিল্প হত, তাহলে এ জেলার ছেলেদের বাইরে যেতে হত না।”

অন্যদিকে জেলা পরিষদের কো-মেন্টর সহদেব মাহাতো জানালেন, “পুরুলিয়ার অনেক মানুষ বহু বছর ধরেই বাইরের রাজ্যে কাজ করেন। মুখ্যমন্ত্রী সদিচ্ছা দেখিয়েছেন, যারা জেলায় থাকতে চান তাঁদের জন্য ভাতা চালু করা হয়েছে। পাশাপাশি পুরুলিয়াকে শিল্প তালুক হিসেবে গড়ে তুলতে উদ্যোগ চলছে। ভবিষ্যতে এখানে আরও কর্মসংস্থান তৈরি হবে।”

পুব খাটতে যাওয়ার পাশাপাশি এখন দক্ষিণ থেকে পশ্চিম পুজোর মুখে পরিবার ছেড়ে শ্রমিকদের এই ভিনরাজ্যে যাত্রা যেন পুরুলিয়ার দীর্ঘদিনের বাস্তবতারই প্রতিচ্ছবি।

Post Comment