insta logo
Loading ...
×

বেহাল রাস্তায় নাজেহাল মানবাজারের কুমোরডি, সংস্কারে হাত লাগালেন ক্লাব সদস্যরা

বেহাল রাস্তায় নাজেহাল মানবাজারের কুমোরডি, সংস্কারে হাত লাগালেন ক্লাব সদস্যরা

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:

মানবাজার ১ নম্বর ব্লকের কুমোরডি গ্রামের বানট্যাঁড় থেকে বাঁধ পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। মাটির রাস্তা হওয়ায় বর্ষার সময়ে চলাচল কার্যত অসম্ভব হয়ে ওঠে। দীর্ঘদিন ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনও স্থায়ী সমাধান মেলেনি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
পরিস্থিতির জট কাটাতে এবার এগিয়ে এলেন এলাকার যুবকরা। স্থানীয় ক্লাবের সদস্যরা নিজেদের উদ্যোগে সাময়িক সংস্কারের কাজ শুরু করেন। গর্তে মাটি ফেলা, জল বেরনোর পথ তৈরি এমন নানা প্রাথমিক পদক্ষেপ নিয়েই রাস্তাটিকে কিছুটা চলাচলযোগ্য করার চেষ্টা চলছে।

গ্রামবাসীদের অভিযোগ, অসুস্থ কেউ হলে চিকিৎসা কেন্দ্রে পৌঁছনো দুঃসাধ্য হয়ে দাঁড়ায়। ছোট ছোট স্কুলপড়ুয়া বাচ্চাদের প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করতে ভোগান্তি পোহাতে হয়। জরুরি অবস্থাতেও গ্রামে কোনও গাড়ি প্রবেশ করতে পারে না।
উল্লেখ্য, এর আগেও রাস্তার দাবিতে স্থানীয়রা মানবাজার–পুরুলিয়া রাজ্য সড়ক অবরোধ করেছিলেন। ফলস্বরূপ, কুমোরডি গ্রামের একটি অংশে ঢালাই রাস্তার কাজ হলেও প্রায় এক কিলোমিটার রাস্তা এখনও অবহেলিত। এ বিষয়ে মানবাজার ১ নম্বর ব্লকের বিডিও দেবাশীষ ধর জানান, “রাস্তাটির দুরবস্থার কথা আমাদের জানা রয়েছে। ইতিমধ্যেই গত বছর জেলায় প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করছি দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে।” স্থানীয় বাসিন্দা সন্তোষ মাহাতো বলেন, “প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত স্থায়ী সমাধান না মিললেও আমরা নিজেদের দায়িত্ব মনে করে এই কাজ করছি। অন্তত চলাচলের মতো যেন রাখা যায়।”

Post Comment