insta logo
Loading ...
×

বেআইনি টোটোতে চাপবেন? জানুন কী করবে পুরসভা!

বেআইনি টোটোতে চাপবেন? জানুন কী করবে পুরসভা!

নিজস্ব প্রতিনিধি ,পুরুলিয়া:

আর রেহাই নেই। পুরুলিয়া শহরে শেষ পর্যন্ত বেআইনি টোটোর বিরুদ্ধে অভিযান শুরু করতে বাধ্য হলো প্রশাসন ও পৌরসভা। সরাসরি নিদান দিলো পুরুলিয়া পুরসভা, “পুরসভার স্টিকার ছাড়া টোটোতে চড়বেন না।” পুরুলিয়া শহরে প্রায় ২০০ টি স্টিকার দেওয়া বৈধ টোটো আছে।

সোমবার পুরুলিয়া শহরের রাঘবপুর মোড় ও গোশালায় শুরু হলো অভিযান। আটক করা হয়েছে ২৫ টি টোটো । সেগুলোর নথি খতিয়ে দেখছে পুরসভা।

এদিনের অভিযানে উপস্থিত ছিলেন পুরুলিয়া (সদর) মহকুমাশাসক উৎপলকুমার ঘোষ,
ডিএসপি এন্ড ডিএনটি (শৃঙ্খলা ও প্রশিক্ষণ) শাশ্বতী শ্বেতা সামন্ত।

হাইকোর্টের স্পষ্ট আদেশ, জাতীয় সড়কে কোন টোটো চলবে না। অথচ সেই আদেশকে বুড়ো আঙুল দেখিয়ে শহর লাগোয়া জাতীয় সড়কগুলোতে অবাধে টোটো চলছে বলে পুরসভার অভিযোগ। শুধু কি তাই? পুরুলিয়া শহর থেকে জাতীয় সড়ক ধরে বাঁকুড়া পর্যন্ত চলে যাচ্ছে টোটো। পৌরসভার অভিযোগ, শহরে বহু টোটো চালকের ড্রাইভিং লাইসেন্স নেই। নেই ইন্সিওরেন্স। ট্যাক্স দেন না তারা। পুরসভার বিশেষ পারমিটও করানো নেই তাদের।

এই বিষয়গুলো খতিয়ে দেখে ওইসব টোটোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি টোটো চালকদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ জমা পড়েছে প্রশাসনের কাছে। অভিযোগ উঠছে, সুযোগ বুঝে খেয়াল খুশিমতো ভাড়া নিচ্ছে অনেক টোটো।

পুরুলিয়ার পুরপ্রধান নবেন্দু মাহালি বলেন, ” শহরের ২০০ বৈধ টোটো রয়েছে। তাদের সমস্ত কিছু নথিপত্র রয়েছে। এইসব টোটোতে পুরসভার স্টিকার দেওয়া রয়েছে। সেই স্টিকার দেখে টোটোতে চড়তে হবে। নিয়ম না মেনে শহরে দীর্ঘদিন ধরে বেআইনি টোটো চলছে। এই বেআইনি টোটোগুলির বিরুদ্ধে শহরের যে কোন জায়গায় যে কোনো সময় এখন ধারাবাহিক অভিযান চলবে ।”

পুরুলিয়ার রোড সেফটি কমিটির বৈঠকের পরেই সোমবার থেকে পুরুলিয়া শহরে বে-আইনি টোটোর বিরুদ্ধে অভিযান শুরু হয়। এই অভিযান এখন ধারাবাহিকভাবে শহরের যে কোন জায়গায় যে কোনো সময় চলবে।

Post Comment