insta logo
Loading ...
×

বৃষ্টিতে বিপর্যস্ত মৃৎশিল্প, মনসা-র আয়োজনে ভাটা

বৃষ্টিতে বিপর্যস্ত মৃৎশিল্প, মনসা-র আয়োজনে ভাটা

সুইটি চন্দ্র, পুরুলিয়া:

টানা বৃষ্টিতে যেন থমকে গিয়েছে মনসা পূজার প্রস্তুতি। ১৯ জুন থেকে শুরু হওয়া ধারাবাহিক বৃষ্টিতে মাথায় হাত মৃৎশিল্পীদের। স্বাভাবিকের চেয়ে জেলায় প্রায় দ্বিগুণ রেকর্ড বৃষ্টিপাত হয়। যার পরিমাণ ১০৪৯.৫৫ মিলিমিটার। যা গত ১০ বছরে হয়নি। ফলে চাষের পাশাপাশি মাটির প্রতিমা তৈরির কাজেও নেমেছে কালো ছায়া। এমনই অবস্থা যে প্রতিমা তৈরির কাঁচামালের দাম হয়ে গিয়েছে দ্বিগুণ। তাই বরাত মিললেও তা গ্রহণ করছেন না মৃৎশিল্পীরা। আগে যেখানে মনসা পূজোর আরাধনায় এক-একজন মৃৎশিল্পী ৮০ থেকে ৯০ টি প্রতিমা তৈরি করতেন। এখন ৫০ থেকে ৬০ টি তৈরি করতে রীতিমতো কালঘাম ছুটছে ওই শিল্পীদের।

শিল্পীরা বলছেন, কাঁচামাল পাওয়া যাচ্ছে না, খড়ের দাম ছুঁয়েছে আকাশ। এক গরুর গাড়ি মাটির দাম ৫০০ টাকা পার হয়ে গিয়েছে। পুরুলিয়ার মৃৎশিল্পী ফকির পাল জানান, “গত বছর ৮০টা প্রতিমা করেছিলাম, এবার ৫০ হবে কিনা সন্দেহ। খরচ দ্বিগুণ। তাই বরাত পেলেও তা গ্রহণ করিনি। “
আগামী ১৭ অগাস্ট মনসা পূজা। অথচ বহু শিল্পীরই হাতে নেই প্রস্তুতির পর্যাপ্ত সময় বা উপকরণ। প্লাস্টিকের নিচে দাঁড়িয়ে যতটুকু সম্ভব চেষ্টা করছেন তারা। এই গল্প শুধু একজন শিল্পীর নয়, পুরুলিয়ার প্রায় সকল মৃৎশিল্পীর এমন অবস্থা।

Post Comment