insta logo
Loading ...
×

বরাবাজারে মর্মান্তিক দুর্ঘটনায় পুরুলিয়া শহরের তৃণমূল কর্মীর মৃত্যু, শোকপ্রকাশ অভিষেকের

বরাবাজারে মর্মান্তিক দুর্ঘটনায় পুরুলিয়া শহরের তৃণমূল কর্মীর মৃত্যু, শোকপ্রকাশ অভিষেকের

নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:


বেপরোয়া গতির বলি হল প্রাণ। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল পুরুলিয়া শহরের ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মী নেপাল দাসের। এই ঘটনায় আহত হয়েছেন স্কুটি চালক সত্যজিৎ দে ও বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাজের সূত্রে বুধবার নেপাল দাস ও সত্যজিৎ দে একটি স্কুটিতে করে পুরুলিয়া শহর থেকে বরাবাজারের দিকে যাচ্ছিলেন। সেই সময় বরাবাজার থানার অন্তর্গত টকরিয়া মোড় সংলগ্ন একটি পেট্রোল পাম্পের কাছে উল্টো দিক থেকে আসা একটি বেপরোয়া মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে স্কুটিটিকে। প্রচণ্ড ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়েন তিনজনই। ঘটনার পর কিছুক্ষণ পর্যন্ত রাস্তায় পড়ে থাকেন আহতরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। এবং বরাবাজার থানায় খবর দেন। পুলিশ এসে আহতদের উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা নেপাল দাসকে মৃত বলে ঘোষণা করেন।

আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন সত্যজিৎ দে ও মোটরসাইকেল চালক। এই আকস্মিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরুলিয়া শহরের ১০ নম্বর ওয়ার্ড সহ গোটা এলাকায়। দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী হিসাবে পরিচিত নেপাল দাসের অকালপ্রয়াণে দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে গভীর শোকের আবহ তৈরি হয়েছে। এদিকে এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
পুরুলিয়া বরাবাজার থানার পুলিশ ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। বেপরোয়া গতি ও ট্রাফিক নিয়ম লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই দুর্ঘটনা ফের একবার প্রশ্ন তুলে দিল পথ নিরাপত্তা ও বেপরোয়া গতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার প্রয়োজনীয়তা নিয়ে।

Post Comment