insta logo
Loading ...
×

বঙ্গোপসাগরে নিম্নচাপ, কেমন বৃষ্টি পুরুলিয়ায়?

বঙ্গোপসাগরে নিম্নচাপ, কেমন বৃষ্টি পুরুলিয়ায়?

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে বুধবার সকালেই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি অবস্থান করছে ওড়িশা উপকূল সংলগ্ন সমুদ্র এলাকায়। আবহাওয়া দফতরের বিশেষ বুলেটিন বলছে, আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে সরে ওড়িশার ভেতরে প্রবেশ করবে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত এবং দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে। তাই নিম্নচাপের সরাসরি প্রভাব বাংলায় পড়ছে না। তবে দক্ষিণবঙ্গে আজ ও কাল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

পুরুলিয়ায় বুধবার (২৭ আগস্ট) বৃষ্টি হয়েছে ছিটেফোঁটা। জেলায় গড় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৫.৮ মিলিমিটার। সর্বাধিক বৃষ্টি হয়েছে জয়পুরে— ১৩.৬ মিলিমিটার। মানবাজারে ১০ মিলিমিটার, পাড়ায় ১০.৪ মিলিমিটার, বলরামপুরে ১১.২ মিলিমিটার ও হুড়ায় ৭.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। হাতোয়াড়া (৩.৬ মিমি), বাঘমুণ্ডি (৩.২ মিমি), সাঁতুড়ি (৪.৪ মিমি), পুঞ্চা (৫.২ মিমি) এবং বরাবাজার (৪ মিমি) মিলিয়ে জেলায় হালকা বৃষ্টিপাত হয়েছে। ঝালদায় ১.৮ মিমি ও নিতুড়িয়ায় ০.৮ মিলিমিটার বৃষ্টি হলেও কাশীপুরে একফোঁটাও বৃষ্টি হয়নি।

তাপমাত্রা কিছুটা বেড়েছে। এদিন পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৩.৬ ডিগ্রি। দিনের বেলায় রোদ এবং বৃষ্টির মিশ্রণে আর্দ্রতার অস্বস্তি ছিল প্রবল।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবারও পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মূলত উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিই সামান্য প্রভাবিত হবে এই নিম্নচাপের কারণে।

Post Comment