insta logo
Loading ...
×

প্রেমের বিয়েতে দাম্পত্য কলহ, বিয়ের এক বছরের মাথায় বধূর রহস্য মৃত্যু, বোরোতে অভিযুক্ত স্বামী গ্রেফতার

প্রেমের বিয়েতে দাম্পত্য কলহ, বিয়ের এক বছরের মাথায় বধূর রহস্য মৃত্যু, বোরোতে অভিযুক্ত স্বামী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি,বোরো:


পণের দাবিকে কেন্দ্র করে গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার বোরো থানার নুন্যাচাতর ও ধবনী গ্রাম সংলগ্ন এলাকায়। ঘটনার জেরে এক বছর আগের প্রেমের বিয়ে ঘিরে উঠে এল দাম্পত্য কলহ, প্রতারণা ও নির্যাতনের একাধিক অভিযোগ। ইতিমধ্যেই অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। আর এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে জেলার গ্রামীণ এলাকায় নারীর নিরাপত্তা ও পণ-সংক্রান্ত সামাজিক সমস্যাকে ঘিরে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূ গায়ত্রী শবর (৩৮)-এর রক্তাক্ত দেহ বৃহস্পতিবার সকালে ধবনী গ্রামের একটি রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বোরো থানার পুলিশ। পরে তাকে উদ্ধার করে বসন্তপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, ভোতা কোনো বস্তু দিয়ে কপাল ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, প্রায় এক বছর আগে নিজেদের পছন্দে গায়ত্রীর সঙ্গে বিয়ে হয় ডাবলু শবরের। তবে বিয়ের কিছুদিন পরই দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয় বলে অভিযোগ। মৃতার পরিবারের দাবি, গায়ত্রী পরে জানতে পারেন তার স্বামী পূর্বে বিবাহিত এবং প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিলেন। এই বিষয়টি সামনে আসার পর থেকেই বাড়তে থাকে অশান্তি। মৃতার ভাই পুলিশের কাছে অভিযোগ করেন, পণের দাবিকে কেন্দ্র করে গায়ত্রীর উপর মানসিক ও শারীরিক নির্যাতন চলত। এমনকি ঘটনার আগের দিন পর্যন্ত তাকে মারধর করা হয়েছে বলেও দাবি পরিবারের। পরিবারের অভিযোগ, ঘটনার পর অভিযুক্ত স্বামী পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, ম্যাজিস্ট্রেট পর্যায়ে সুরতহাল শেষে মৃতদেহ শুক্রবার ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতেই পলাতক অভিযুক্ত ডাবলু শবরকে গ্রেফতার করা হয় এবং শুক্রবার তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার পূর্ণ রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

Post Comment