নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:
পেনশনের টাকায় কাল হল! সেই টাকাকে কেন্দ্র করে ঝামেলা। তারপরেই বৌমায়ের উস্কানিতে ছেলে ও নাতির ধারালো অস্ত্রের কোপে প্রাণ হারালেন এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে বাঘমুন্ডি থানার মার্চা গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম পুসু রজক(৭০)। মৃতের মেয়ের লিখিত অভিযোগের ঘটনায় অভিযুক্ত বড় ছেলে, বৌমা ও নাতিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম ইন্দ্রজিৎ রজক, অঞ্জলি দেবী ও অসিত রজক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেড থেকে অবসর গ্রহণ করে মার্চা গ্রামের বাড়িতে থাকতেন পুসু রজক। তবে তার পেনশনের টাকা নিয়ে বরাবরই বড় ছেলে ইন্দ্রজিৎ ঝামেলা করত বলে অভিযোগ। বৃহস্পতিবার রাতে ঝামেলা চরম আকার ধারণ করে। এরপরেই অঞ্জলী দেবীর উস্কানিতে ইন্দ্রজিৎ ও তার ছেলে অসিত ধারালো অস্ত্র নিয়ে ওই বৃদ্ধের উপর ক্রমাগত হামলা করে বলে অভিযোগ। বাবাকে বাঁচাতে গিয়ে রক্তাক্ত জখম হন মেজো ছেলে জগন্নাথ। খবর দেওয়া হয় বাঘমুন্ডি থানায়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় বাঘমুন্ডি থানার পুলিশ। অন্যদিকে জখম জগন্নাথের প্রাথমিক চিকিৎসা করানো হয়। এই ঘটনায় শুক্রবার বিকালে ঝাড়খণ্ডের রাঁচি জেলার সোনাহাতু থানার অউদারু গ্রামের বাসিন্দা তথা মৃতের কন্যা শিলা দেবী বাঘমুন্ডি থানায় দাদা-বৌদি ও ভাইপোর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তারপরেই অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে তিনজনকে গ্রেফতার করে বাঘমুন্ডি থানার পুলিশ।










Post Comment