নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
অরণ্য রক্ষায় এবার বনবাসীদের আরও সক্রিয় করে তুলছে পুরুলিয়া বন বিভাগ। পুরুলিয়া বনবিভাগের এডিএফও সায়নী নন্দী জানিয়েছেন, “পুরুলিয়ার বনাঞ্চলের সুরক্ষায় আমাদের সবচেয়ে বড় সহায় যৌথ বন পরিচালন সমিতির সদস্যরা। তারা আমাদের বিভিন্ন কাজেই সহযোগিতা করেন। বন সংরক্ষণ থেকে শুরু করে বৃক্ষরোপণ প্রকল্প। সব ক্ষেত্রেই আমরা তাদের সাহায্য পাই। ” তাই তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে
পুরুলিয়া বনবিভাগ সব রকম উদ্যোগ নেয়। তাই এই বনবিভাগের আটটি রেঞ্জেই নানান ধরনের উপযোগী সামগ্রী বিতরণ করা হচ্ছে।
বন সংরক্ষণের পাশাপাশি বনবাসীদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতেই এই উদ্যোগ। এডিএফও জানান, “জঙ্গল রক্ষাকারী এই মানুষগুলো যাতে অতিরিক্ত রোজগারের উৎস পায়, তার জন্য আমরা নানা ধরনের উপযোগী সামগ্রী বিতরণ করেছি। যেমন ধান ঝাড়ার মেশিন, বনাগ্নি রোধে ব্যবহৃত ফ্লাওয়ার ব্লোয়ার, গ্রামাঞ্চলে নজরদারির জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন সার্চলাইট ইত্যাদি।” পুরুলিয়া বনবিভাগ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ৮১টি ধান ঝাড়ার মেশিন, ১০ থেকে ১৫টি ফ্লাওয়ার ব্লোয়ার, এবং ১৫-২০টি বড় ভোল্টেজের সার্চলাইট বিতরণ করা হয়। এছাড়া অযোধ্যা রেঞ্জের যুব সম্প্রদায়ের মধ্যে খেলাধূলার উৎসাহ জোগাতে বিতরণ করা হয়েছে ফুটবল জার্সিও।
তিনি আরও বলেন, “আমাদের আটটি রেঞ্জের মধ্যেই এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। আমাদের মূল লক্ষ্য অরণ্য সংরক্ষণের পাশাপাশি এই মানুষগুলিকে কিছুটা হলেও অর্থনৈতিক স্বনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাওয়া।”











Post Comment