insta logo
Loading ...
×

পুরুলিয়ায় সুপারহিট পাড়ায় সমাধান, গৃহীত ৭৫৭৯ প্রকল্প,আজ কেন্দায় দুই মন্ত্রী

পুরুলিয়ায় সুপারহিট পাড়ায় সমাধান, গৃহীত ৭৫৭৯ প্রকল্প,আজ কেন্দায় দুই মন্ত্রী

সুইটি চন্দ্র, পুরুলিয়া:

জঙ্গলমহল পুরুলিয়ায় সাড়া জাগিয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান মেগা প্রকল্প। জেলার ২৭৯টি শিবিরে এখনও পর্যন্ত মোট ৭৫৭৯টি প্রকল্প গৃহীত হয়েছে। জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, চলতি মাসের ২০ আগস্ট পর্যন্ত এই বিপুলসংখ্যক প্রকল্পের প্রস্তাব অনুমোদনের জন্য সরকারি পোর্টালে তোলা হয়েছে।

শুধু প্রকল্প গ্রহণই নয়, পরিষেবা নেওয়া, পুরোনো কাজের সংশোধন বা নতুন দাবি জানাতে এ পর্যন্ত শিবিরে পা রেখেছেন ২ লক্ষ ৩২ হাজার ১৯২ জন মানুষ। জেলা শাসক রজত নন্দা জানিয়েছেন, “মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আলোচনা-আলোচনার মধ্য দিয়ে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। আমরা চেষ্টা করব নির্দিষ্ট সময়ে গৃহীত সমস্ত প্রকল্পের কাজ শেষ করতে।”

এই প্রকল্পের আওতায় ১৬টি মূল বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন এসেছে পথবাতি বসানো ও মেরামতের জন্য—সংখ্যা প্রায় ১৮০০। রাস্তা সংস্কার, পানীয় জলের কল মেরামত ও নতুন সংযোগ, নিকাশি ব্যবস্থা, প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সংস্কার, মিড-ডে-মিলের রান্নাঘর, সবুজ সাথীর সাইকেল রাখার জায়গা, শৌচালয় সংস্কার এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংস্কারও তালিকার শীর্ষে।
এত বড় আয়োজনকে গতিময় করতে জেলাশাসক রজত নন্দা, জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, একাধিক অতিরিক্ত জেলাশাসক নিয়মিত শিবিরে গিয়ে আলোচনা করছেন। শহর এলাকাতেও শিবিরে হাজির থাকছেন পুরপ্রধানরা। পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি ও ঝালদা পুরসভার চেয়ারম্যান সুরেশ আগরওয়ালকে প্রতিটি শিবিরে দেখতে পাওয়ায় খুশি দুই শহরের বাসিন্দারাই।
এই প্রকল্পে গতি আনতে রাজ্য সরকার বিশেষ পর্যবেক্ষকও নিয়োগ করেছে। পুরুলিয়ার জন্য নিযুক্ত হয়েছেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের প্রধান সচিব সুরেন্দ্র গুপ্তা, অচিরাচরিত এবং পুনর্নবীকরণ শক্তি দপ্তরের সচিব ওয়াই রত্নাকর রাও। পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের আদিবাসী উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বুলু চিক বারিক টানা তিনদিন জেলায় থেকে শিবিরগুলি ঘুরে দেখেছেন। বৃহস্পতিবার থেকে আবার তিনি পুরুলিয়ার বিভিন্ন ব্লকে যাবেন বলে জানা গিয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আজ তাঁর পাশাপাশি রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী
সন্ধ্যারানী টুডুও পুঞ্চা ব্লকের কেন্দায় আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে যাবেন। রাজ্যের দুই মন্ত্রীকে
ওই শিবিরে একসাথে পাওয়ার আশায় খুশি এলাকার মানুষজন।

বুধবার পুরুলিয়া ২ ব্লকের চরগালি জুনিয়র হাই স্কুলে আয়োজিত শিবিরে যান অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) আদিত্য বিক্রম মোহন হিরানি ও বিডিও বাপি ধর। স্থানীয় মানুষের দাবি-দাওয়া শুনে প্রকল্প গ্রহণে সহায়তা করেন তাঁরা।

জেলা প্রশাসনের হিসাবে, দুয়ারে সরকার শিবিরের মধ্যে বুধবার পর্যন্ত সবচেয়ে বেশি অংশগ্রহণকারীর উপস্থিতি ছিল কাশিপুর ব্লকে—১৫,২২৬ জন। তার পরেই মানবাজার ২ ব্লক (১৪,৮৩৩ জন) ও রঘুনাথপুর ১ ব্লক (১৪,০৭৮ জন)।

একনজরে আমাদের পাড়া আমাদের সমাধান
▪️মোট শিবির: ৯৭৪
▪️আওতাধীন বুথ: ২৫১০
▪️আয়োজিত শিবির: ২৭৯
▪️অংশগ্রহণকারী বুথ: ৭৩৬
▪️ অংশগ্রহণকারীর সংখ্যা: ২,৩২,১৯২
▪️গৃহীত প্রকল্প: ৭৫৭৯

(পুরুলিয়া জেলা প্রশাসনের হিসাব, ২০ আগস্ট ২০২৫ পর্যন্ত)

Post Comment