insta logo
Loading ...
×

পড়বে জাঁকিয়ে শীত, পুরুলিয়ায় বরফ পড়বে এবার ?

পড়বে জাঁকিয়ে শীত, পুরুলিয়ায় বরফ পড়বে এবার ?

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

আনুষ্ঠানিক বর্ষা বিদায়ের আর মাত্র দু’দিন। ১৩ অক্টোবর দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিতে চলেছে বর্ষা। বৃহস্পতিবার ও শুক্রবার— টানা দু’দিনে পুরুলিয়ায় বিন্দুমাত্র বৃষ্টিও হয়নি। শুক্রবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৩ ডিগ্রি।

আবহাওয়াবিদদের দাবি, লা নিনা পরিস্থিতির প্রভাবে এ বছর শীত পড়বে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। তাপমাত্রা নামতে পারে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

এই পূর্বাভাস ঘিরেই পুরুলিয়ার নতুন কৌতূহল— এ বছর কি তবে ‘বরফ’ দেখা যাবে?
আবহাওয়াবিদদের মতে, সে সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না, তবে সেটি পাহাড়ি রাজ্যগুলির মতো তুষারপাত হবে না। পুরুলিয়ার পাহাড়ি এলাকায় দেখা যেতে পারে গ্রাউন্ড ফ্রস্ট’ বা ভূমি তুষার।

সিকিম বা হিমাচলে যখন সমগ্র বায়ুমণ্ডলের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গিয়ে মেঘ থেকে বরফ কণার পতন ঘটে, তখন তাকে বলে তুষারপাত। কিন্তু পুরুলিয়ার মতো অপেক্ষাকৃত নিম্ন উচ্চতার অঞ্চলে পরিষ্কার, প্রবল শৈত্যপ্রবাহের রাতে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে হিমাঙ্কের কাছাকাছি পৌঁছলে, বাতাসে থাকা জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মাটির উপরে পাতলা সাদা আস্তরণের মতো জমে যায়। সেটিই ভূমি তুষার বা গ্রাউন্ড ফ্রস্ট।

২০১৯ সালের শীতে পুরুলিয়ার বেগুনকোদরে এমন ভূমি তুষার দেখা গিয়েছিল। চলতি বছরও তেমন দৃশ্য ফের দেখা যেতে পারে বলে আশা করছেন অনেকেই।

Post Comment