নিজস্ব প্রতিনিধি,ঝালদা:
তৃণমূল নেতৃত্বের উদ্যোগে শুরু হল গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের কাজ ঝালদার
পুস্তি অঞ্চলে। ঝালদা ১ নম্বর ব্লকের পুস্তি গ্রাম পঞ্চায়েতের তোরাং মার্কেট থেকে কুশি রেলগেট পর্যন্ত এই রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় ছিল। কুশি, পাপড়াহুড়ুম, পুস্তি, কুদলং সহ একাধিক গ্রামের মানুষের তোরাং বাজার ও তোরাং স্টেশনের সঙ্গে যোগাযোগের একমাত্র নির্ভরযোগ্য পথ এটি। দীর্ঘদিনের অবহেলায় রাস্তার করুণ দশা হওয়ায় স্থানীয়দের ক্ষোভ চরমে পৌঁছেছিল। পুস্তি অঞ্চল সভাপতি তথা তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য অতুলচন্দ্র মাহাতো জানান, “রাস্তা রেল দপ্তরের অন্তর্গত হওয়ায় ব্লক বা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সংস্কার সম্ভব হয়নি। তাই পুস্তি অঞ্চল তৃণমূল নেতৃত্বের উদ্যোগে সংস্কারের কাজ শুরু করেছি। যাতে বর্ষায় বন্ধ হয়ে যাওয়া বাস পরিষেবা পুনরায় চালু করা যায়।”

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কালিপদ মাহাতো সহযোগিতার আশ্বাস দেন। উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত সদস্য মহাবীর মাহাতো, পুস্তি অঞ্চল সহ-সভাপতি বিশ্বকেতু মাহাতো, দুর্গাচরণ কুইরি, যতীন মাহাতো সহ তৃণমূলের অন্যান্য স্থানীয় নেতারা। তৃণমূল নেতৃত্বের এই জনকল্যাণমূলক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।











Post Comment