insta logo
Loading ...
×

জাতীয় সড়কের গর্তে প্রাণ গেল শিক্ষকের, বিক্ষোভে উত্তাল পুরুলিয়া শহর

জাতীয় সড়কের গর্তে প্রাণ গেল শিক্ষকের, বিক্ষোভে উত্তাল পুরুলিয়া শহর

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

জাতীয় সড়কের গর্তে বাইক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়ে উঠল পুরুলিয়া শহর। মৃত শিক্ষক সুরজিৎ ব্যানার্জীর মৃত্যুর প্রতিবাদে সোমবার সকাল থেকে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ফলে প্রায় দু’ঘণ্টা থমকে যায় যান চলাচল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত দশটা নাগাদ বাইকে করে শহর থেকে লাগদা গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন সুরজিৎবাবু। সেই সময় পুরুলিয়া-রাঁচি সড়কের জলট্যাংকি মোড় এলাকায় রাস্তার মাঝখানে থাকা গভীর গর্তে ধাক্কা লেগে তিনি গুরুতরভাবে আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্ণমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনার পরই সোমবার সকাল সাড়ে ১০ টা থেকে পথ অবরোধ শুরু হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই রাস্তায় একাধিক বড় গর্ত রয়েছে। যার কারণে বারবার দুর্ঘটনা ঘটছে। তবুও জাতীয় সড়ক কর্তৃপক্ষ নীরব। তারা মৃতের পরিবারের জন্য ক্ষতিপূরণ ও অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি তোলেন। এরপরেই ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া সদর থানার বিশাল পুলিশবাহিনী। পরে জাতীয় সড়ক কর্তৃপক্ষের এক আধিকারিক দ্রুত রাস্তা মেরামতের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
স্থানীয়দের বক্তব্য, একের পর এক প্রাণহানি হলেও প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর উদাসীনতা মেনে নেওয়া যায় না। এদিনের বিক্ষোভ শুধুই আবেগের বহিঃপ্রকাশ নয়, বরং দীর্ঘদিনের অবহেলার বিরুদ্ধে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ।

Post Comment