নিজস্ব প্রতিনিধি, ঝালদা :
এক পশলা বৃষ্টি বদলে দিল এক দরিদ্র পরিবারের জীবনচিত্র। ঝালদা থানার অন্তর্গত ঝালদা দঁড়দা গ্রাম পঞ্চায়েতের পুরানো ঝালদা গ্রামে হঠাৎই দুপুরের বৃষ্টিতে ধসে পড়ে সাবিত্রী রজক নামে এক মহিলার কাঁচা বাড়ির একাংশ।
ঘটনাস্থলে সেই সময় উপস্থিত ছিলেন সাবিত্রীদেবী নিজে, তাঁর ছেলে, পুত্রবধূ এবং ছোট নাতি। ভাগ্যক্রমে সবাই অল্পের জন্য প্রাণে বেঁচে যান। তবে আতঙ্ক কাটছে না আজও।
বিষন্ন কণ্ঠে সাবিত্রীদেবী বলেন,
“আমার স্বামী জীবদ্দশায় বহুবার আবাস যোজনায় ঘরের আবেদন করেছিলেন। প্রতিশ্রুতি মিললেও, বাস্তবে কিছুই জোটেনি। অবশেষে তিনি এই আশাতেই চলে গেলেন। তাঁর মৃত্যুর পর আমিই আবেদন করি। এবছর লিস্টে নাম উঠেছিল, পরে আবার বাদ পড়ে গেল। এখন যে বাড়িটায় আছি, সেটাও যে কোনো সময় পুরোপুরি ভেঙে পড়তে পারে। আমরা কোথায় যাব?”
এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাবিত্রীদেবী দ্রুত পুনর্বাসন এবং আবাস যোজনার অধীনে ঘর মঞ্জুরের দাবি জানিয়েছেন। স্থানীয় বাসিন্দারাও তাঁর পাশে দাঁড়িয়ে মানবিক হস্তক্ষেপের দাবি তুলেছেন।
এই প্রসঙ্গে ঝালদা দঁড়দা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শঙ্করী মাহাতো জানান, “বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”











Post Comment