নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
আকাশে মেঘের আনাগোনা, কোথাও হালকা বৃষ্টি—তবু গরমের দাপট কমছে না পুরুলিয়ায়। ১৮ মার্চ জেলার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গেল ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৪ ডিগ্রি। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্তভাবে, গড় বৃষ্টিপাত ৩.২৫ মিলিমিটার।
কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী, এ দিন সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নিতুড়িয়ায়—১৫.০ মিমি। এছাড়া হুড়ায় ৯.২ মিমি, পাড়ায় ৮.০ মিমি এবং সাঁতুড়িতে ৬.৪ মিমি বৃষ্টি রেকর্ড হয়েছে। বলরামপুরে ৩.২ মিমি ও হাতোয়াড়ায় ০.৫ মিমি বৃষ্টিপাত হয়েছে। জেলার বাকি ব্লকগুলিতে বৃষ্টির দেখা মেলেনি।
দিনের বেলায় তীব্র গরমের মধ্যেই কোথাও কোথাও মেঘ জমে হালকা বৃষ্টি হয়েছে। তবে সেই বৃষ্টিতে গরমের তেজে খুব একটা প্রভাব পড়েনি। বরং আর্দ্রতা বাড়ায় অস্বস্তি কিছুটা বেড়েছে বলেই জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গল নামে একটি পেজ থেকে দেওয়া হয়েছে সতর্কবার্তা, ২০ থেকে ২২ মার্চের মধ্যে রাজ্যের বিস্তীর্ণ অংশে শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হচ্ছে। ঘণ্টায় ৬০–৯০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, কিছু কিছু জায়গায় তা ১০০ কিমি বা তারও বেশি হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ভারী শিলাবৃষ্টির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।


Post Comment