নিজস্ব প্রতিনিধি, হুড়া:
রবিবার সকালে হুড়া নিমতলা এলাকায় দেখা মিলল এক বিরল অতিথির। একটি মেডিক্যাল স্টোরের কাছাকাছি এদিন সকাল প্রায় ৭টা ১০ মিনিট নাগাদ স্থানীয় বাসিন্দাদের চোখে পড়ে একটি বিশাল অজগর। প্রায় ৮ ফুট লম্বা ও প্রায় ১০ কেজি ওজনের এই সাপ দেখে প্রথমে আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। কিছু বাসিন্দা দূর থেকে মোবাইলে তার ছবি ও ভিডিও তুলতে থাকেন, অন্যরা দ্রুত বন দফতরকে খবর দেন।
খবর পাওয়ার পরই বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে সতর্কতার সঙ্গে আটক করেন। বন দফতর সূত্রে জানা গিয়েছে, পাইথনটি আপাতত নিরাপদে রয়েছে এবং তার শারীরিক অবস্থা স্বাভাবিক। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও পর্যবেক্ষণ শেষে তাকে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়া হবে।
স্থানীয়দের অনেকেই জানান, এত বড় পাইথন এর আগে ওই এলাকায় খুব কমই দেখা গিয়েছে। বন দফতরের মতে, খাবারের সন্ধানে বা বৃষ্টির জেরে আশ্রয় বদলাতে গিয়ে সম্ভবত লোকালয়ে চলে এসেছে সাপটি।





Post Comment