insta logo
Loading ...
×

এবার সম্পূর্ণ ফ্রি! দারুণ খবর দিল পৌরসভা

এবার সম্পূর্ণ ফ্রি! দারুণ খবর দিল পৌরসভা

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

আর খরচ করতে হবে না গ্যাঁটের কড়ি। সম্পূর্ণ বিনামূল্যে পুরুলিয়া বাসস্ট্যান্ডের রেস্ট হাউসে বিশ্রাম নিতে পারবেন যাত্রীরা। এতদিন ধরে যাত্রীরা যে দাবি তুলে আসছিলেন, এবার সেই দাবি পূরণ করে দিল পুরুলিয়া পৌরসভা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি পোস্ট। সেই পোস্ট ঘিরে উঠেছিল বিতর্কের ঝড়। সেই জল্পনার অবসান করলেন স্বয়ং পৌর প্রধান। সোমবার সন্ধায় পুরুলিয়া পৌরসভার পুরপ্রধান নবেন্দু মাহালী সরেজমিনে বিষয়টি দেখতে পরিদর্শনে যান। ‌

অভিযোগ ছিলো বাসস্ট্যান্ডের প্রতীক্ষালয়ে পান , গুটকা, মদের বোতল থেকে শুরু করে সিগারেটের প্যাকেট সহ নানান জিনিস পড়ে থাকত। ‌এতে নষ্ট হতো বাসস্ট্যান্ডের পরিবেশ। ফলে পুরসভা সত্যম স্যানিটেশন সার্ভিস অর্গানাইজেশন নামে একটি বেসরকারি কোম্পানির হাতে বাসস্ট্যান্ডের এই রেস্ট রুমটি তুলে দিয়েছিল। তারাই দায়িত্ব নিয়েছিল এই বাস স্ট্যান্ড পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। বদলে বিশ্রাম করলে মাথা পিছু ৫ টাকা ধার্য করেছিল তারা। ‌কিন্তু এতে নানান সমস্যা তৈরি হয়। সেই কারণে এই ৫ টাকা বিনিময় মূল্য নেওয়া বন্ধ করল পৌরসভা। পৌরসভা সূত্রে জানা গিয়েছে শুধুমাত্র শৌচালয় ব্যবহারের ক্ষেত্রেই যাত্রীদের নির্দিষ্ট মূল্য দিতে হবে।

এতদিন মূল্য দিয়ে প্রতীক্ষালয়ে বিশ্রামের বন্দোবস্তে অভিযোগ উঠছিল কেন সরকারি জায়গায় পয়সা দিয়ে বিশ্রাম নিতে হবে? ফলে পুরুলিয়া পৌরসভার নেওয়া এই নতুন সিদ্ধান্তে খুশি যাত্রীরা।

শুধু তাই নয়, পুরুলিয়া পৌরসভার এই বিশ্রামাগারে শুধুমাত্র পুরুষদের জন্য রাত্রিবাসের ব্যবস্থাও আছে। সেক্ষেত্রে খাটে রাত্রিবাস করলে মাথা পিছু ২০০ টাকা ও মাটিতে বিছানায় রাত্রিবাস করলে মাথা পিছু ১০০ টাকা খরচ করতে হবে। শুধু সচিত্র পরিচয় পত্র দিয়ে রুম বুক করা যায়।

পুরুলিয়ার পৌর প্রধান নবেন্দু মাহালি বলেন, ” আর প্রতীক্ষালয়ে বাসের জন্য অপেক্ষা যাঁরা করবেন, তাঁদের আর এর জন্য মূল্য দিতে হবে না৷ কিন্তু কিছু নিয়ম মানতে হবে। কোন বাসের জন্য তাঁরা অপেক্ষমান, কটার সময় সেই বাস, এই বিষয়গুলি লিখতে হবে রেজিস্টারে। অবাঞ্ছিত ভিড় এড়াতেই এই ব্যবস্থা।”

Post Comment