নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:
“এই লড়াই আমাদের শেষ লড়াই। এবার আমরা এককাট্টা হয়ে লড়বো। ভিন্ন রাজনৈতিক দলগুলোকেও আহ্বান জানাবো—তৃণমূলকে সরাতে হলে এক ছাতার নিচে এসে লড়াই করতে হবে।”—এমন বার্তা দিলেন বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী। বৃহস্পতিবার পুরুলিয়া জেলার কাশীপুরে তরুণ সংঘ লাইব্রেরি হলে আয়োজিত কাশিপুর ও পাড়া বিধানসভার বুথভিত্তিক কর্মী সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
সাংবাদিক সম্মেলনে মেগাস্টার মিঠুন চক্রবর্তী বলেন, “এক হয়ে লড়াই না করলে এই বাংলা আর সেই বাংলা থাকবে না।” শুভেন্দু অধিকারীর উপর হামলার প্রসঙ্গে তৃণমূলের উদ্দেশ্যে তিনি প্রশ্ন তোলেন, “এতই যদি আপনারা শক্তিশালী হন, তবে তার উপর হামলা করছেন কেন? কারণ আপনারা শুভেন্দুকে ভয় পেয়েছেন।”
তিনি দাবি করেন, এবারের নির্বাচনে পুরুলিয়ার নটি বিধানসভা কেন্দ্রে বিজেপি শতভাগ জয়ী হবে। ‘এস আই আর
’ প্রসঙ্গে কটাক্ষ করে তিনি বলেন, “কারণ এখানে ভূত ভোট হচ্ছে। একেকজনের নাম দুই বা তিন জায়গায় ভোটার তালিকায় রয়েছে। অথচ ভোট দেওয়ার অধিকার একজনের একটিই।” মিঠুনের মতে, এবার সনাতনী সমাজ জেগে উঠেছে, আর সেটাই তৃণমূলের বিদায়ের সূচনা।
এদিনের কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, কাশিপুরের বিধায়ক কমলাকান্ত হাঁসদা, পাড়ার বিধায়ক নদীয়ারচাঁদ বাউরী, বিজেপির জেলা সভাপতি শংকর মাহাতো ও জেলার বুথ সভাপতিরা।











Post Comment