নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
দীর্ঘদিনের অবহেলায় নাজেহাল ঝালদা থানার হেঁসাহাতু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুদাগাড়া গ্রামের যাত্রাগোড়া বস্তির বাসিন্দারা। রাস্তা, পানীয় জল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও আলো সব কিছুতেই ঘাটতি। বর্ষা নামলেই গ্রামের যোগাযোগ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়ে। কাদা ও জলমগ্ন পথে রোগীদের ডুলিতে চাপিয়ে নিয়ে যেতে হয়। তারপর মেলে অ্যাম্বুলেন্স পরিষেবা। গ্রামে নেই কোনও সোলার লাইট, ফলে রাতে রয়েছে বন্য প্রাণের আতঙ্কও।

প্রায় ৪০-৪৫ জনের কয়েকটি পরিবার বহু প্রজন্ম ধরে এই অঞ্চলে বসবাস করে আসছেন। স্থানীয় বাসিন্দা ফুনু মাহাতো ও অজিত মাহাতোর অভিযোগ, “বিভিন্ন সময়ে লিখিতভাবে প্রশাসনকে জানানো হলেও স্থায়ী কোনও সমাধান হয়নি।” তারা জানান, ২০২৪ সালের ১০ জুলাই ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে লিখিতভাবে সমস্যার কথা জানানো হয়েছে। এর আগের বিডিও-র উদ্যোগে নদীর উপর একটি সেতু নির্মিত হলেও বাকি পরিকাঠামোগত সমস্যাগুলি থেকেই গিয়েছে।
এ প্রসঙ্গে ঝালদা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সারতি মুড়া জানান, “বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে প্রশাসন সক্রিয় থাকবে।” দীর্ঘদিনের বঞ্চনায় ক্ষুব্ধ যাত্রাগোড়ার বাসিন্দারা এবার আশায় বুক বাঁধছেন—সরকারি হস্তক্ষেপে বদল ঘটবে তাদের জীবনে!











Post Comment