নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
সাহস, তৎপরতা এবং মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন পুরুলিয়ার মানবাজার থানার সিভিক ভলান্টিয়ার অপু কোটাল। সর্প দংশনে আহত এক মহিলার জীবন রক্ষা করে তিনি পেলেন বিশেষ সম্মাননা। রবিবার মানবাজার থানার তরফে তাঁকে এই বিশেষ পুরস্কারে সম্মানিত করা হয়। থানার অফিসার ইন চার্জ নিজে অপু কোটালের হাতে পুরস্কার তুলে দেন।
ঘটনাটি ঘটে গত শুক্রবার। মানবাজার ১ নম্বর ব্লকের ধানাড়া অঞ্চলের রাজাবাগান গ্রামে মাঠে কাজ করার সময় এক মহিলার পায়ে বিষাক্ত সাপ কামড়ায়। সেই সময় তিনি প্রচণ্ড ব্যথায় কাতরাচ্ছিলেন। ঠিক তখনই ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন সিভিক ভলান্টিয়ার অপু কোটাল। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছাতে দেরি হচ্ছিল। আর এক মুহূর্তও না ভেবে তিনি নিজের বাইকে মহিলাকে তড়িঘড়ি করে মানবাজার হাসপাতালে নিয়ে যান।
তীব্র বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়ার মাঝেও অপু কোটালের এই মানবিক পদক্ষেপই প্রাণ বাঁচায় ওই মহিলার। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
পুরস্কার পেয়ে অপু কোটাল বলেন, “মানুষের পাশে দাঁড়ানোই আমাদের কর্তব্য। ভবিষ্যতেও আমি আমার দায়িত্ব একই নিষ্ঠা ও মানবিকতা নিয়ে পালন করে যাব।”
স্থানীয় বাসিন্দাদের মতে, অপু কোটাল শুধু একজন সিভিক ভলান্টিয়ার নন—তিনি মানবাজারের গর্ব। তাঁর এই কাজ সমাজে মানবিকতার বার্তা ছড়িয়ে দিল।











Post Comment